যশোর সফরে প্রধানমন্ত্রীর প্রথম আগমনকে ঘিরে ব্যাপক প্রস্তুতি
নিজস্ব প্রতিবেদক
আগামী ২৭ এপ্রিল দেশের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রথমবারের মতো যশোর সফরে আসছেন। দিনব্যাপী এই সফরে তিনি ঐতিহাসিক উলাশী খাল পুনঃখনন কাজের উদ্বোধন, যশোর মেডিকেল কলেজ হাসপাতাল উদ্বোধন, যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন এবং ঈদগাহ ময়দানে বিশাল জনসভায় ভাষণ দেবেন।
সফরসূচি অনুযায়ী, সকাল সাড়ে ৯টায় ঢাকা থেকে বিমানযোগে যশোরে পৌঁছাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখান থেকে তিনি সড়কপথে শার্শা উপজেলার উলাশী খাল পুনঃখনন প্রকল্প এলাকায় যাবেন।
ঐতিহাসিক এই খালটি প্রথম খনন কর্মসূচির সূচনা করেছিলেন তার পিতা জিয়াউর রহমান, ১৯৭৬ সালের ১ নভেম্বর। দীর্ঘদিন অবহেলায় প্রায় অচল হয়ে পড়া খালটি পুনঃখননের মাধ্যমে কৃষি উৎপাদনে নতুন গতি ফেরানোর লক্ষ্যেই এই প্রকল্পকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
উলাশী এলাকায় সংক্ষিপ্ত বক্তব্য ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ের পর প্রধানমন্ত্রী খাল পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন এবং বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেবেন।
এরপর তিনি যশোর মেডিকেল কলেজ হাসপাতাল উদ্বোধন করবেন। পাশাপাশি দেশের অন্যতম প্রাচীন শিক্ষা-সংস্কৃতির প্রতিষ্ঠান যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন করবেন।
বিকেলে শহরের যশোর ঈদগাহ ময়দানে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন তিনি।
সফরকে কেন্দ্র করে যশোর জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ সব সরকারি দপ্তরে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। রোববার জেলা কালেক্টরেটের সভাকক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে মাসিক উন্নয়ন সমন্বয় সভা কার্যত প্রধানমন্ত্রীর সফর প্রস্তুতি সভায় রূপ নেয়।
সভায় জানানো হয়, প্রধানমন্ত্রীর নিরাপত্তায় আগামী ২২ এপ্রিল থেকে ঝঢ়বপরধষ ঝবপঁৎরঃু ঋড়ৎপব দায়িত্ব গ্রহণ করবে। তাঁর চলাচলের রুট নির্ধারণ, যানজট নিয়ন্ত্রণ এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর আবাসনের জন্য যশোর সার্কিট হাউজ প্রস্তুত রাখা হচ্ছে। পাশাপাশি স্থানীয় ঐতিহ্যবাহী খাবার—দেশি মাছ, সবজি, দেশি মুরগি ও অর্গানিক খাদ্য—নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।
সফরের রুট ও চূড়ান্ত সময়সূচি নির্ধারণে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী এবং যশোর-৩ আসনের সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিতের সঙ্গে সমন্বয় করা হচ্ছে।
এদিকে যশোর জেলা বিএনপি জানিয়েছে, জনসভা মাঠসহ সব প্রস্তুতি ২৫ এপ্রিলের মধ্যে সম্পন্ন করা হবে। দলের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, এই সফরে যশোরবাসীর জন্য গুরুত্বপূর্ণ উন্নয়ন ঘোষণা আসতে পারে।
সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, সিভিল সার্জন ডা. মাসুদ রানা, যশোর মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ, পৌর প্রশাসকসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
মাত্র ৭৪ দিনের ব্যবধানে এটি তারেক রহমানের যশোরে দ্বিতীয় সফর। এর আগে তিনি ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি বিএনপির চেয়ারম্যান হিসেবে নির্বাচনী কর্মসূচিতে যশোরে আসেন। এবার তিনি দেশের প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো এই জেলায় সফর করছেন।
