নিজস্ব প্রতিবেদক
কুষ্টিয়া সদর উপজেলার বাইপাস সড়কে ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) বেলা দেড়টার দিকে বাইপাস সড়কের কুষ্টিয়া স্টোর পেট্রলপাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে তিনজন নারী ও দুজন পুরুষ রয়েছেন। তাৎক্ষণিকভাবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে যাত্রীবাহী অটোরিকশাটি কুষ্টিয়া শহরের দিকে যাচ্ছিল। পথে একটি ট্রাককে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করলে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের নিচে পড়ে যায়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনজন নিহত হন।
গুরুতর আহত অবস্থায় অপর দুই যাত্রীকে স্থানীয়রা উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়।
কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল ওবায়েদ বলেন, দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে।
