কল্যাণ ডেস্ক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ধর্মকে ব্যবহার করে ভোট আদায়ের অভিযোগ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, “সবকিছুর মালিক আল্লাহ, কিন্তু কেউ কেউ বেহেস্তের টিকিট বিক্রির মাধ্যমে ভোট চাচ্ছে।”
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সিলেট নগরের আলিয়া মাদরাসা মাঠে বিএনপির এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।
তারেক রহমান বলেন, নির্বাচনের আগেই যারা ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করছে, নির্বাচনের পর তারা কী করবে—তা জনগণ ইতোমধ্যে বুঝে গেছে। তিনি বলেন, “যাদের কথা বলা হচ্ছে, তাদের ভূমিকা দেশের মানুষ ১৯৭১ সালেই দেখেছে।”
নির্বাচন ঘিরে ষড়যন্ত্রের আশঙ্কা প্রকাশ করে বিএনপির চেয়ারম্যান বলেন, মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে পোস্টাল ব্যালট ডাকাতির চেষ্টা চলছে। যারা অতীতে ভোট ডাকাতি করেছিল, তারাই একই ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে উল্লেখ করে তিনি সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
ধানের শীষের পক্ষে ভোট চেয়ে তারেক রহমান বলেন, জনগণের সমর্থনে ক্ষমতায় গেলে নবী করিম (সা.)–এর আদর্শ অনুসরণ করে ন্যায়পরায়ণতার সঙ্গে দেশ পরিচালনা করবে বিএনপি।
তিনি বলেন, গত ১৬ বছরে দেশের মানুষের রাজনৈতিক অধিকার ও ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল। এসব অধিকার পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে বহু মানুষকে জীবন দিতে হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
বিএনপির চেয়ারম্যান বলেন, “গত ১৬ বছর এই দেশকে অন্য দেশের কাছে বন্ধক রাখা হয়েছিল। তাই আমরা বলেছি—দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ।”
উন্নয়নের নামে লুটপাট ও অর্থ পাচারের অভিযোগ তুলে তিনি বলেন, দেশের অর্থ দেশের মানুষের কল্যাণে ব্যবহারের লক্ষ্যেই বিএনপি রাষ্ট্র পরিচালনা করতে চায়।
গুম ও খুনের প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, যারা বাকস্বাধীনতা ও ভোটাধিকার হরণ করেছিল, তারাই ইলিয়াস আলীর মতো বহু মানুষকে গুম ও হত্যা করেছে।
২০২৪ সালের গণআন্দোলনের কথা উল্লেখ করে তিনি বলেন, ওই আন্দোলনে জীবন দেওয়া মানুষদের কারণেই গণতন্ত্রের পথে ফেরার সুযোগ সৃষ্টি হয়েছে। তিনি বলেন, “একাত্তরের স্বাধীনতাকে রক্ষা করেছে ২০২৪ সালের গণতন্ত্রকামীরা।”
নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করার আহ্বান জানিয়ে বিএনপির চেয়ারম্যান বলেন, স্বৈরাচার মুক্ত হলেও গণতন্ত্র প্রতিষ্ঠা এখনো বাকি। ধানের শীষের বিজয়ের মধ্য দিয়েই গণতান্ত্রিক যাত্রা পূর্ণতা পাবে।
তিনি আরও বলেন, বিএনপি সরকারে থাকাকালে নারীদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল। ক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ডের মাধ্যমে নারী ও পরিবারকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা হবে।
দীর্ঘ ২০ বছর পর সিলেট সফরে এসে তারেক রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার আনুষ্ঠানিকভাবে শুরু করেন। এর আগে বুধবার রাতে তিনি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.)–এর মাজার জিয়ারত করেন এবং মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর কবরে শ্রদ্ধা জানান।
একই দিনে সিলেট ছাড়াও মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, ভৈরব, নরসিংদী ও নারায়ণগঞ্জে জনসভা ও পথসভায় অংশ নেওয়ার কথা রয়েছে বিএনপির চেয়ারম্যানের।
