নিজস্ব প্রতিবেদক
যশোরে চুরির মিথ্যা অপবাদ দিয়ে ১৬ বছরের কিশোর মো. স্বাধীনকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা হলেও এখনো এজাহারভুক্ত কোনো আসামি গ্রেপ্তার হয়নি। এতে ক্ষোভ প্রকাশ করে দ্রুত আসামিদের গ্রেপ্তার ও পরিবারের নিরাপত্তা দাবি করেছেন নিহত কিশোরের মা সুমাইয়া আক্তার।
আজ সোমবার (২৬ অক্টোবর) প্রেসক্লাব যশোর মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়ে লিখিত বক্তব্য পাঠ করেন তিনি।
লিখিত বক্তব্যে সুমাইয়া আক্তার জানান, গত ১৮ অক্টোবর স্বাধীন যশোর শহরের বারান্দী মোল্লাপাড়া এলাকায় তার দাদির বাড়িতে বেড়াতে যায়। পরদিন ১৯ অক্টোবর রাতে ফুফা মো. জীবনের সঙ্গে এলাকার দুর্গাপূজা দেখতে বের হয় সে। রাত সাড়ে ১১টার দিকে মোল্লাপাড়া এলাকার একটি মন্দিরের পাশের গলিতে কয়েকজন তাকে ঘিরে ধরে চুরির মিথ্যা অপবাদ দিয়ে মারধর করে।
তিনি অভিযোগ করেন, রাত সাড়ে ১২টার দিকে খবর পেয়ে পরিবারের সদস্যরা স্বাধীনকে উদ্ধার করতে গেলে এজাহারভুক্ত আসামিরা বাধা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে আইসিইউ ও লাইফ সাপোর্টের জন্য রাজধানীর হোম কেয়ার মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২০ অক্টোবর রাত আড়াইটার দিকে মারা যায় স্বাধীন।
এ ঘটনায় গত ২৪ অক্টোবর স্বাধীনের মা সুমাইয়া আক্তার বাদী হয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা করেন। মামলায় ছয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনকে আসামি করা হয়েছে। মামলার ধারা ৩০২/৩৪।
সংবাদ সম্মেলনে সুমাইয়া আক্তার বলেন, “মামলা দায়েরের এতদিন পরেও পুলিশ কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। একজন মা হিসেবে আমার প্রশ্ন—সন্তানকে হারানোর পর কেন আমাকে ন্যায়বিচারের আশায় বসে থাকতে হবে? কেন অপরাধীরা প্রকাশ্যে ঘুরে বেড়াবে?”
তিনি বলেন, নির্দোষ কেউ যেন হয়রানির শিকার না হন। একই সঙ্গে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষ থেকে চারটি দাবি জানানো হয়। দাবিগুলো হলো—স্বাধীনের ময়নাতদন্ত প্রতিবেদন গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করে দ্রুত তদন্ত শেষ করা, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটন, জড়িত প্রত্যেক অপরাধীকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং প্রভাবশালীদের সম্ভাব্য হুমকি থেকে পরিবারকে নিরাপত্তা দেওয়া।
