নিজস্ব প্রতিবেদক
যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়ন থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন যশোর সদর–৩ আসনের ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত।
পথসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “যশোরের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হবে আমার প্রধান দায়িত্ব। আমি আপনাদের সামনে অঙ্গীকার করছি—সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজিমুক্ত যশোর গড়ে তুলবো। এ কাজে আপনাদের সহযোগিতা একান্ত প্রয়োজন।”
তিনি আরও বলেন, শুধু যশোর নয়, সবাই মিলে পুরো বাংলাদেশকে নিরাপদ করা হবে, যেন দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র সফল না হয়।
অনিন্দ্য ইসলাম অমিত স্পষ্ট করে বলেন, “এই যশোরে কোনো মাদক কারবারি বা সন্ত্রাসীর ঠাঁই হবে না। সে যদি আমার দলেরও হয়, তার জায়গা বিএনপিতে হবে না।” ধর্ম কিংবা রাজনৈতিক বিশ্বাসকে বিভেদের কারণ হিসেবে ব্যবহারের বিরোধিতা করে তিনি বলেন, অতীতে এসব ইস্যুতে মানুষকে বিভক্ত করা হয়েছে, কিন্তু বিএনপি সবাইকে সঙ্গে নিয়েই এগিয়ে যেতে চায়।
তিনি আরও বলেন, “তারেক রহমানের নেতৃত্বে সারাদেশের মতো যশোরকেও নতুনভাবে গড়ে তুলতে চাই। আগামী দিনে কেউ যদি জনগণের প্রতিপক্ষ হয়ে দাঁড়ানোর চেষ্টা করে, তার জায়গা এই যশোরে হবে না।”
পথসভায় বক্তব্যে তিনি তাঁর পিতা, প্রয়াত তরিকুল ইসলামের উন্নয়ন কর্মকাণ্ডের কথা স্মরণ করে বলেন, বিএনপি সরকার গঠনকালে মন্ত্রী হিসেবে যেভাবে তিনি নিরলসভাবে কাজ করেছেন, ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিলে যশোরের প্রতিটি খাতে জনগণের চাহিদা অনুযায়ী উন্নয়নের চাকা সচল করা হবে।
অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বিএনপি রাজনৈতিক ও সামাজিক সম্প্রীতিতে বিশ্বাস করে এবং সেই আদর্শেই আগামীর যশোর গড়তে চায়।
পরে তিনি সদর উপজেলার সুজলপুর ঋষিপাড়ায় আরেকটি পথসভায় বক্তব্য দেন।
