যশোরের অভয়নগরে ব্যবসায়ী মো. আনিসুর রহমান হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শিল্প-বাণিজ্য ও বন্দরনগরী নওয়াপাড়ায় সকাল-সন্ধ্যা হরতাল পালিত হচ্ছে।
বুধবার (১৩ মে) সকাল ৬টা থেকে শুরু হওয়া এ হরতাল সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে বলে জানা গেছে। হরতালকে কেন্দ্র করে সকাল থেকেই নওয়াপাড়া শিল্পাঞ্চল ও বাণিজ্যিক এলাকার স্বাভাবিক কার্যক্রম প্রায় সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।
হরতালের কারণে শহরের দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান এবং আড়তগুলো বন্ধ রয়েছে। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ নৌবন্দর নওয়াপাড়ায় পণ্য খালাস, লোড-আনলোড কার্যক্রমও পুরোপুরি স্থগিত রয়েছে। এতে বাণিজ্যিক কার্যক্রমে স্থবিরতা নেমে এসেছে।
সকাল থেকেই বিক্ষুব্ধ ব্যবসায়ী ও শ্রমিকরা বিভিন্ন স্থানে খণ্ড খণ্ড মিছিল বের করেন। যশোর-খুলনা মহাসড়কের কয়েকটি স্থানে টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করা হয়। এতে যান চলাচল ব্যাহত হলেও বিকল্প পথে যানবাহন চলাচল অব্যাহত রয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বন্দর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
গত ৬ মে সন্ধ্যায় নিজ বাড়ির সামনে হামলার শিকার হন আমদানিকারক প্রতিষ্ঠান ‘জয়েন্ট ট্রেডিং’-এর মালিক ও ‘আনিস প্লাজা’-এর স্বত্বাধিকারী আনিসুর রহমান। অভিযোগ রয়েছে, নওয়াপাড়ার পীর বাড়ি এলাকার শাহ জোনায়েদের ছেলে শাহ মাহামুদ দোকান ভাড়া সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ডে জড়িত।
হরতাল আহ্বানকারী ব্যবসায়ী ও শ্রমিক সংগঠনগুলো খুনি শাহ মাহামুদসহ সকল জড়িতদের অবিলম্বে গ্রেফতার এবং নৌবন্দর এলাকায় দীর্ঘদিনের চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ দাবি করেছে।
নওয়াপাড়া সার, সিমেন্ট ও খাদ্যশস্য ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল গণি সরদার বলেন, “ব্যবসায়ীরা এখন চরম নিরাপত্তাহীনতায় রয়েছে। সর্বশেষ একজন বড় আমদানিকারক হত্যার শিকার হয়েছেন। এ নৈরাজ্য বন্ধে দ্রুত ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।”
