নিজস্ব প্রতিবেদক
যশোরের বিরামপুর গ্রামে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, গুলি ও গাঁজাসহ যুবদলের এক নেতাকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। মঙ্গলবার দুপুরে বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।
আটক রবিউল ইসলাম বিরামপুর এলাকার তাইজুল ইসলামের ছেলে। তিনি নওয়াপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক বলে জানা গেছে।
ডিএনসি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলা কার্যালয়ের একটি বিশেষ টিম বিরামপুর এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন হিসেবে রবিউল ইসলামকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে একটি পিস্তল উদ্ধার করা হয়। একই সঙ্গে তার কাছ থেকে তিন রাউন্ড গুলি ও ১০০ গ্রাম গাঁজাও জব্দ করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খান বলেন, উদ্ধার হওয়া অস্ত্রের উৎস এবং এর সঙ্গে কোনো অপরাধচক্র জড়িত রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। রবিউলের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনছারুল হক রানা বলেন, “ঘটনার বিষয়ে আমরা খোঁজখবর নিচ্ছি। কোনো অপরাধীকে দলীয় পরিচয়ে ছাড় দেওয়া হবে না। অভিযোগের সত্যতা মিললে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয় সূত্রের অভিযোগ, রবিউলের বিরুদ্ধে আগে থেকেই একাধিক মামলা রয়েছে। এলাকায় মাদক সিন্ডিকেট নিয়ন্ত্রণ, চাঁদাবাজি ও সালিশের নামে সাধারণ মানুষকে হয়রানির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। তার আটকের ঘটনায় এলাকায় স্বস্তি ফিরেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
