উন্নত চিকিৎসার জন্য রাজধানীর পিজি হাসপাতালে স্থানান্তর
নিজস্ব প্রতিবেদক
বৃহত্তর যশোর অঞ্চলের মুজিব বাহিনীর প্রধান ও বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন মনিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) সকালে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সযোগে তাকে রাজধানীর পিজি হাসপাতালে স্থানান্তর করা হয়। তার চিকিৎসা কার্যক্রম সার্বিকভাবে তদারকি করছেন যশোর সদর-৩ আসনের সংসদ সদস্য ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
পারিবারিক সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে আলী হোসেন মনি শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। অবস্থার অবনতি হলে বুধবার তাকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার প্রয়োজন হওয়ায় চিকিৎসকদের পরামর্শে ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত হয়।
বৃহস্পতিবার সকালে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের নির্দেশনায় অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাকে ঢাকায় পাঠানোর ব্যবস্থা করেন।
চিকিৎসকরা জানিয়েছেন, আলী হোসেন মনি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, দীর্ঘস্থায়ী কিডনি রোগ, হৃদপিণ্ডে রক্ত সরবরাহ কমে যাওয়া, রক্তস্বল্পতাসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত। বর্তমানে তিনি পিজি হাসপাতালের গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট অধ্যাপক দেওয়ান সাইফউদ্দিন আহমেদ এবং ইউরোলজি বিভাগের প্রধানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।
তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ও সামাজিক মহলে উদ্বেগের সৃষ্টি হয়েছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার দ্রুত সুস্থতা কামনা করেছেন।
চিকিৎসকরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থা নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসা দেওয়া হচ্ছে।
