লাইসেন্স নবায়ন ছাড়া দীর্ঘদিন ধরে পরিচালিত হচ্ছিল প্যাকেটজাত কার্যক্রম, জব্দ মেয়াদোত্তীর্ণ পণ্য
নিজস্ব প্রতিবেদক
যশোর সদর উপজেলার চাঁচড়া এলাকায় অবৈধভাবে কীটনাশক ও সার মজুদ এবং অনুমোদন ছাড়া প্যাকেটজাত করার অভিযোগে হাবিবউল্লাহ খান নামে এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ও লেবেলবিহীন পণ্য জব্দ করা হয়।
গতকাল রোববার (১৯ এপ্রিল) দুপুরে চাঁচড়া ঢাকা রোডে মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সামনে একটি বাড়িতে র্যাব-৬, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং উপজেলা কৃষি অফিসের যৌথ অভিযানে এ জরিমানা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, হাবিবউল্লাহ খান দীর্ঘ প্রায় ৩৫ বছর ধরে কীটনাশক ও সারের ব্যবসার সঙ্গে জড়িত থাকলেও গত তিন বছর ধরে তার লাইসেন্স নবায়ন করা হয়নি। এরপরও তিনি বাড়িতে অনুমোদন ছাড়াই পণ্য মজুদ, পুনঃপ্যাকেটজাত এবং বিক্রির কার্যক্রম চালিয়ে আসছিলেন।
অভিযানের সময় বাড়ির বিভিন্ন কক্ষ থেকে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ কীটনাশক, সার, খালি বোতল, প্যাকেট ও লেবেলবিহীন রাসায়নিক পণ্য জব্দ করা হয়। এছাড়া যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া পণ্য প্যাকেটজাত করার প্রমাণও পাওয়া যায় বলে জানান অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
পরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক সেলিমুজ্জামান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযুক্ত ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেন।
অভিযানে নেতৃত্ব দেন র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বি প্রিন্স। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা রাজিয়া সুলতানাসহ র্যাব ও কৃষি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
র্যাব জানায়, জনস্বাস্থ্য ও কৃষি নিরাপত্তা বিঘ্নিত করে এমন অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
