নিজস্ব প্রতিবেদক
যশোর শহরের বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে অভিযুক্ত অনিক হাসান অনি ও তার সহযোগী তানভীর আহম্মেদকে অস্ত্র ও গুলিসহ আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার রাতে শহরের চাঁচড়া বাবলাতলা এলাকা থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, আটককৃতদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি এবং একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়েছে। আটক অনিক হাসান অনির বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও চাঁদাবাজিসহ মোট ১৭টি মামলা রয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় যশোর জেলা পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম।
ব্রিফিংয়ে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক সুজন কুমার মন্ডল-এর নেতৃত্বে এসআই কামরুজ্জামান ও এসআই কামাল হোসেনসহ একটি চৌকস দল চাঁচড়া বাবলাতলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে আলতুর ছেলে অনিক হাসান অনি এবং তারেক কাজীর ছেলে তানভীর আহম্মেদকে আটক করা হয়।
পরে তাদের দেহ তল্লাশি করে অনির কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এছাড়া তার সহযোগী তানভীরের কাছ থেকে একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম জানান, অনিক হাসান অনি পুলিশের তালিকাভুক্ত একজন গুরুতর অপরাধী। মঙ্গলবার দুপুরে আটক দুই আসামিকে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।
