নিজস্ব প্রতিবেদক
যশোরে যুবলীগের ব্যানারে রাতের আঁধারে সরকার বিরোধী মিছিল করার অভিযোগে সাবেক প্রতিমন্ত্রী, পাঁচ এমপি, মেয়র ও উপজেলা চেয়ারম্যানসহ আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) ৪০ নেতাকর্মীর নামে মামলা করা হয়েছে। মামলায় অজ্ঞাতপরিচয় আরও ৮০-১০০ জনকে আসামি করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) যশোর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) আশরাফ উদ্দিন মামলাটি করেন।
আসামিরা হলেন যশোর-৬ (কেশবপুর) আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার, যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনের সাবেক এমপি রণজিৎ রায়, যশোর-৫ (মনিরামপুর) আসনের সাবেক এমপি ও প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, যশোর-২ (ঝিকরগাছা- চৌগাছা) আসনের সাবেক এমপি অ্যাডভোকেট মনিরুল ইসলাম, যশোর-৩ (সদর) আসনের সাবেক এমপি কাজী নাবিল আহমেদ, যশোর-৫ (মণিরামপুর) আসনের সাবেক এমপি ইয়াকুব আলী, যশোর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ফন্টু চাকলাদার, যশোর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও যশোর পৌরসভার সাবেক মেয়র জহিরুল ইসলাম রেন্টু চাকলাদার, যুবলীগের সাবেক নেতা শহীদুজ্জামান বাবু ওরফে দাতাল বাবু, শেখ আতিকুর রহমান বাবু ওরফে জার্মান বাবু, যশোর শহরের পুরাতন কসবা কাজীপাড়ার ইয়াকুব আলীর ছেলে ফাহিম মোল্লা, সাবেক এমপি রণজিত রায়ের ছেলে রাজীব রায়, সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যের ছেলে শুভ ভট্টাচার্য, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বিপু, জাহিদুল ইসলাম লাবুসহ আরও অনেকে।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, যুবলীগের ব্যানারে বিক্ষোভ মিছিলের ঘটনায় ৪০ নেতাকর্মীর নাম উল্লেখ ও অজ্ঞাতপরিচয় ৮০-১০০ নেতাকর্মীর নামে মামলা হয়েছে। এদের মধ্যে বুধবার রাতে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেফতার করা হয়। পরে তাদের কারাগারে পাঠানো হয়।
