খুলনা বিভাগের ৬ জেলায় নতুন প্রশাসক নিয়োগ
নিজস্ব প্রতিবেদক
সরকার দেশের বিভিন্ন জেলা পরিষদে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে। এর অংশ হিসেবে খুলনা বিভাগের ৬টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।
রোববার (১৫ মার্চ) স্থানীয় সরকার বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের তথ্য জানানো হয়। স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা এবং তৃণমূল পর্যায়ের উন্নয়ন কার্যক্রমকে আরও বেগবান করার লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, যশোর জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। রাজনৈতিক ও সাংগঠনিক অঙ্গনে দীর্ঘদিন সক্রিয় থাকা খোকনের এ নিয়োগকে স্থানীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে।
খুলনা বিভাগের অন্যান্য জেলাগুলোর মধ্যে-মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মো. জাভেদ মাসুদ,কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক সোহরাব উদ্দিন,ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক মো. আবুল মজিদ,মাগুরা জেলা পরিষদের প্রশাসক আলী আহমেদ, বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক শেখ মোহাম্মদ জাকির হোসেন এবং খুলনা জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন এস এম মনিরুল হাসান (বাপ্পী)।
জানা গেছে, জেলা পরিষদের প্রশাসকরা সংশ্লিষ্ট জেলার পরিষদের প্রশাসনিক দায়িত্ব পালন করবেন এবং স্থানীয় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন, বাজেট ব্যবস্থাপনা, অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন কার্যক্রম তদারকি করবেন। জেলা পরিষদের অধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন এবং স্থানীয় সরকারের বিভিন্ন দপ্তরের সঙ্গে সমন্বয় সাধনের ক্ষেত্রেও তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে।
সরকার আশা করছে, নতুন প্রশাসকদের নিয়োগের ফলে জেলা পরিষদগুলোর প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং স্থানীয় পর্যায়ের উন্নয়ন কর্মকাণ্ডে নতুন গতি আসবে। একই সঙ্গে জনগণের প্রত্যাশা পূরণে জেলা পরিষদগুলো আরও সক্রিয় ভূমিকা রাখতে পারবে বলেও সংশ্লিষ্টরা মনে করছেন।
