নিজস্ব প্রতিবেদক
যশোরের চৌগাছা উপজেলায় বাবার কোদালের হাতলের আঘাতে গুরুতর আহত তরিকুল ইসলামের (৩৫) মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ভোর রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
নিহত তরিকুল ইসলাম চৌগাছা উপজেলার সিংহঝুলী ইউনিয়নের জাহাঙ্গীরপুর দক্ষিণপাড়া গ্রামের রবিউল ইসলামের ছেলে।
জানা গেছে, গত মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে নিজ বাড়ির সামনে পারিবারিক মুদি দোকানে ঘুমিয়ে ছিলেন তরিকুল। এ সময় তার বাবা রবিউল ইসলাম (৫৭) কোদালের হাতল (আছাড়ি) দিয়ে তাকে আঘাত করেন। এতে তরিকুল গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে তাকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার করা হয়। পরবর্তীতে বুধবার (২১ জানুয়ারি) দুপুরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোর রাতে তার মৃত্যু হয়।
স্থানীয় ইউপি সদস্য তরিকুল ইসলাম জানান, নিহত তরিকুল বাবার একমাত্র সন্তান ছিলেন। তিনি মাদকাসক্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে। পুলিশ সদস্য এক স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর তিনি আরও তিনটি বিয়ে করেন। এসব বিষয় নিয়ে পরিবারে দীর্ঘদিন ধরে কলহ চলছিল।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, বাবার হামলায় আহত তরিকুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মারা গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
