১০ লাখ টাকা দাবি, না পেয়ে ভয়ভীতি-সংবাদ সম্মেলনে ইজারাদারের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
যশোরের চৌগাছা পৌরসভার সাধারণ হাটের ইজারা কেন্দ্র করে চাঁদা দাবি ও হুমকির অভিযোগে থানায় এজাহার দায়ের করেছেন এক ব্যবসায়ী। রোববার দুপুরে প্রেসক্লাব যশোরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ তুলে ধরেন উপজেলার নিরিবিলিপাড়া গ্রামের ব্যবসায়ী মো. আতিকুর রহমান সেন্টু।
সংবাদ সম্মেলনে তিনি জানান, গত ৫ মার্চ ২০২৬ তারিখে ১ কোটি ৯৬ লাখ ৯৪ হাজার ৭৫০ টাকায় ১৪৩৩ বঙ্গাব্দের জন্য চৌগাছা পৌরসভার সাধারণ হাটের ইজারা পান তিনি। ইজারা লাভের পরপরই স্থানীয় একটি চক্র তাঁর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। দাবিকৃত অর্থ দিতে অস্বীকৃতি জানালে তাঁকে ও তাঁর কর্মীদের বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করা হয় এবং খাজনা আদায়ে বাধা দেওয়ার হুমকি দেওয়া হয়।
লিখিত অভিযোগে অভিযুক্ত হিসেবে নাম উল্লেখ করা হয়েছে-মো. শুকুর আলী (৪৫), কাঠগড়া কলেজের সহকারী অধ্যাপক ডিএম হাফিজুর রহমান (৫০), মো. আব্দুর রহিম (৫২), মো. মাসুদ (৪০), মো. উজ্জ্বল হোসেন (৩৮) এবং অজ্ঞাতনামা আরও ৮-১০ জনকে।
অভিযোগে আরও বলা হয়, গত ১৪ এপ্রিল থেকে অভিযুক্তরা জোরপূর্বক হাটের কাঁচাবাজার, মাছ বাজার ও ফুটপাত থেকে প্রায় এক লাখ টাকা চাঁদা আদায় করেছে। সর্বশেষ ১৮ এপ্রিল সকাল ৯টার দিকে খাজনা আদায়কারী মো. আরিফুল ইসলাম অসিম মাছ বাজারে গেলে তাঁকে গালিগালাজ করা হয় এবং তাঁর রশিদ বই ছিনিয়ে নিয়ে বাজার এলাকা থেকে বের করে দেওয়া হয়।
ভুক্তভোগী আতিকুর রহমান সেন্টু বলেন, বিষয়টি স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করেও ব্যর্থ হয়ে তিনি আইনের আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। তিনি নিজের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং সরকারি ইজারাকৃত হাটের শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
এ বিষয়ে চৌগাছা থানার পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
