নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ
ঝিনাইদহে বুধবার সকাল থেকে দুপুরের মধ্যে কয়েক ঘণ্টার ব্যবধানে পৃথক তিন দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সড়ক দুর্ঘটনায় সেনাসদস্য ও তার স্ত্রী, বিদ্যুৎস্পৃষ্টে আরেক দম্পতি এবং ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত ব্যক্তি নিহত হয়েছেন।
বেলা ১১টার দিকে ঝিনাইদহ শহরের বাইপাস ভুটিয়ারগাতি গ্যাস ডিপো এলাকায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী সেনাসদস্য সোহেল কাজী (৩৫) ও তার স্ত্রী জান্নাতুল ফেরদৌস তুলি (২৮) নিহত হন। নিহত সোহেল নড়াইলের লোহাগাড়া উপজেলার লক্ষীপাশা গ্রামের বাসিন্দা। তিনি চট্টগ্রামে সেনাবাহিনীর বিএমএ শাখায় প্রশিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানান, সোহেল তার স্ত্রী তুলিকে নিয়ে মোটরসাইকেলে শৈলকুপার বড়দাহ এলাকায় শ্বশুরবাড়ির দিকে যাচ্ছিলেন। পথে একটি রিকশার সঙ্গে সংঘর্ষ এড়াতে গিয়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায়। এ সময় কুষ্টিয়া থেকে খুলনাগামী গড়াই পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই তুলি নিহত হন। গুরুতর আহত সোহেলকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে যশোর সিএমএইচে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।
ঝিনাইদহ সদর থানার ওসি মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
অন্যদিকে, সকালে শৈলকুপা উপজেলার মনোহরপুর ইউনিয়নের মাধবপুর গ্রামে গবাদিপশুর ঘাস কাটার মেশিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অমরেন্দ্র নাথ ভৌমিক (৭০) ও তার স্ত্রী মিনা ভৌমিক (৬০) মারা যান।
প্রতিবেশীরা জানান, সকালে অমরেন্দ্র নাথ গবাদিপশুর জন্য মেশিনে ঘাস কাটছিলেন। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হলে তাকে বাঁচাতে স্ত্রী মিনা এগিয়ে যান। তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আসাদুজ্জামান জোহা জানান, সকাল সাড়ে ৭টার দিকে স্বজনরা তাদের মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন।
এ ছাড়া বেলা পৌনে ১১টার দিকে কালীগঞ্জের মোবারকগঞ্জ রেলস্টেশনের পশ্চিম পাশের পয়েন্ট এলাকায় রাজশাহী থেকে খুলনাগামী সাগরদাঁড়ি ডাউন ট্রেনের ধাক্কায় প্রায় ৭০ বছর বয়সী এক অজ্ঞাত ব্যক্তি গুরুতর আহত হন। স্থানীয়দের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মোবারকগঞ্জ রেলস্টেশনের মাস্টার শেখ শাজাহান আলী জানান, সকাল ১০টা ৪০ মিনিটের দিকে সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ওই ব্যক্তি আহত হন।
মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে পৃথক এসব দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যুতে ঝিনাইদহে শোকের ছায়া নেমে এসেছে।
