নিজস্ব প্রতিবেদক
পিকেএস পরিবার কল্যাণ সমিতি যশোরের ৪১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১১টায় পিকেএসের প্রধান কার্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সমিতির সভাপতি অ্যাডভোকেট তৌহিদুর রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে স্বাগত বক্তব্যের মাধ্যমে সভার সূচনা করেন। পরে তিনি উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার পরবর্তী কার্যক্রম পরিচালনার দায়িত্ব কার্যনির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট এএসএম জাফর সাদিকের ওপর অর্পণ করেন।
সভায় পিকেএসের ৪১তম বার্ষিক সাধারণ সম্পাদক প্রতিবেদন উপস্থাপন করেন সাধারণ সম্পাদক আতিকুর রহমান। আর্থিক প্রতিবেদন পেশ করেন কোষাধ্যক্ষ খোন্দকার মাহফুজুল হক ফারুক।
এ সময় পিকেএসের ভাইস প্রেসিডেন্ট একরাম-উদ-দৌলা নতুন দাতা সংস্থা আরএমএস ফাউন্ডেশন, ইউএসএ-এর সহযোগিতায় পরিচালিত কার্যক্রমের অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করেন। তিনি জানান, ২০১৮ সালের পর পিকেএস পুনরায় মা ও শিশু স্বাস্থ্যসেবা কার্যক্রম পুরোপুরি চালু করেছে।
সভায় জানানো হয়, ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সুর্যের হাসি নেটওয়ার্ক তাদের ‘সুর্যের হাসি’ কার্যক্রম সমাপ্ত ঘোষণা করে। এর পরদিন, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে পিকেএস মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রমের তত্ত্বাবধান ও পরিচালনার দায়িত্ব নেয়। বিভিন্ন জটিলতার কারণে আনুষ্ঠানিক হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করতে সময় লাগলেও গত ১৯ আগস্ট পিকেএস মা ও শিশু স্বাস্থ্য কর্মসূচির দায়িত্ব হস্তান্তরের কাজ সম্পন্ন করেছে।
পরে ৪০তম বার্ষিক সাধারণ সভার রেজুলেশন সভায় সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়।
সভা শেষে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সভাপতি অ্যাডভোকেট এএসএম জাফর সাদিক সভার কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করেন।
