নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সোমবার সকালে যশোর পৌঁছেছেন। যশোর বিমানবন্দরে অবতরণের পর তিনি সরাসরি শার্শা উপজেলার উলাশীর উদ্দেশ্যে রওনা দেন। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, সংসদ সদস্য মাওলানা আজীজুর রহমানসহ দলের স্থানীয় নেতৃবৃন্দ।
প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে শার্শা উপজেলার উলাশী এলাকা এবং শহরের যশোর ঈদগাহ ময়দান। সকাল সাড়ে ৮টা থেকেই ঈদগাহ ময়দানে নেতা-কর্মীদের উপস্থিতি বাড়তে থাকে। বিকাল সাড়ে ৩টায় সেখানে অনুষ্ঠিত হবে জনসভা।
মাত্র তিন মাসের ব্যবধানে এটি প্রধানমন্ত্রীর দ্বিতীয় যশোর সফর। এবারের সফরে তিনি একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বলে জানা গেছে।
সরকারি সফরসূচি অনুযায়ী, সকালে ঢাকা থেকে রওনা হয়ে বেলা সাড়ে ১১টায় তিনি উলাশী ইউনিয়নে ঐতিহাসিক উলাশী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন। উল্লেখ্য, ১৯৭৬ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই খাল খনন কার্যক্রমের সূচনা করেছিলেন। দীর্ঘদিন অবহেলায় খালটি প্রায় মৃতপ্রায় হয়ে পড়ায় পুনরায় খননের উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী নিজ হাতে কোদাল চালিয়ে খনন কাজের উদ্বোধন করবেন এবং স্থানীয় কৃষকদের সঙ্গে মতবিনিময় শেষে সুধী সমাবেশে বক্তব্য রাখবেন।
উলাশী কর্মসূচি শেষে দুপুর ১টা ১৫ মিনিটে তিনি যশোর মেডিকেল কলেজ হাসপাতাল-এর ৫০০ শয্যা বিশিষ্ট ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। পরে বিকালে যশোর ঈদগাহ ময়দানে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন।
প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে পুরো যশোর জেলায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, এই সফরের মাধ্যমে অঞ্চলের উন্নয়নে নতুন গতি সঞ্চার হবে।
