নিজস্ব প্রতিবেদক
প্রেসক্লাব যশোরের সংকটকালীন আহ্বায়ক কমিটির আহ্বায়ক পদ থেকে পদত্যাগ করেছেন প্রবীণ সাংবাদিক ও প্রেসক্লাব যশোরের আহ্বায়ক একরাম-উদ-দ্দৌলা। ব্যক্তিগত অসুস্থতা, বয়সজনিত শারীরিক অসুস্থতা এবং বর্তমান পরিস্থিতিতে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন সম্ভব না হওয়াকে পদত্যাগের কারণ হিসেবে উল্লেখ করেছেন তিনি।
রোববার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় সংকটকালীন আহ্বায়ক কমিটির সদস্যদের কাছে দেওয়া এক পদত্যাগপত্রে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। পদত্যাগের পর তিনি আর কোনো দায়িত্বে থাকছেন না বলেও উল্লেখ করেছেন।
পদত্যাগপত্রে একরাম-উদ-দ্দৌলা বলেন, প্রেসক্লাব যশোর পরিচালনা, নির্বাচনসহ বিভিন্ন গঠনতান্ত্রিক বিষয়ে প্রশ্ন ও বিতর্কের প্রেক্ষাপটে গত ৬ আগস্ট বিশেষ সাধারণ সভায় সংকটকালীন আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়। ওই সভায় তাকে আহ্বায়ক করে ১৪ সদস্যের কমিটি গঠন করা হয়।
তিনি উল্লেখ করেন, বয়সজনিত অসুস্থতা সত্ত্বেও ঐতিহ্যবাহী প্রেসক্লাবের সংকট নিরসনের লক্ষ্যে তিনি দায়িত্ব গ্রহণ করেন। ঐক্য, স্বচ্ছতা ও নিরপেক্ষতার অঙ্গীকার নিয়ে দায়িত্ব পালনের কাজও শুরু করেন। দায়িত্ব গ্রহণের পর বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হলেও সার্বিক পরিস্থিতিতে সব কার্যক্রম নিরপেক্ষভাবে সম্পন্ন করা সম্ভব হয়নি বলে তিনি মনে করেন।
পদত্যাগপত্রে তিনি আরও বলেন, বিভিন্ন বিষয়ে আপত্তি জানানো সত্ত্বেও প্রেসক্লাব যশোরের দীর্ঘদিনের সুনাম, স্বার্থ ও সাংবাদিকদের ঐক্য অক্ষুণ্ন রাখা সম্ভব হচ্ছে না। এমন পরিস্থিতিতে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে না পারায় তার দীর্ঘ সাংবাদিকতা পেশা এবং প্রেসক্লাবের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বলে তিনি মনে করছেন। একই সঙ্গে দীর্ঘদিনের পরিচিতজনদের কাছেও তিনি অনাকাঙ্ক্ষিতভাবে প্রশ্নবিদ্ধ হচ্ছেন বলে পদত্যাগপত্রে উল্লেখ করেন।
এ অবস্থায় কিছুটা বিলম্ব হলেও বর্তমান পরিস্থিতিতে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোই সমীচীন বলে মনে করছেন বলে জানান একরাম-উদ-দ্দৌলা। এর সঙ্গে তার ব্যক্তিগত অসুস্থতার বিষয়টিও বিবেচনায় রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
এ ছাড়া সংকটকালীন আহ্বায়ক কমিটির সদস্যসচিব মবিনুল ইসলাম মবিন ইতোমধ্যে পদত্যাগ করেছেন বলেও পদত্যাগপত্রে উল্লেখ করা হয়েছে। এ পরিস্থিতিতে বর্তমান আহ্বায়ক কমিটিতে তার পক্ষে দায়িত্ব পালন করা সম্ভব নয় বলে জানান একরাম-উদ-দ্দৌলা।
পদত্যাগপত্রের শেষাংশে তিনি বলেন, সার্বিক পরিস্থিতি বিবেচনায় ৩০ আগস্ট বিকেল সাড়ে ৩টা থেকে প্রেসক্লাব যশোরের সংকটকালীন আহ্বায়ক কমিটির আহ্বায়ক পদ থেকে তিনি পদত্যাগ করছেন এবং এরপর থেকে আর কোনো দায়িত্বে থাকছেন না। একই সঙ্গে তিনি প্রেসক্লাবের সদস্যদের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন।
