নিজস্ব প্রতিবেদক
যশোরের সাংবাদিকতা ও সামাজিক অঙ্গনের এক উজ্জ্বল অধ্যায়ের অবসান হলো। চলে গেলেন যশোর জেলা ও সংবাদমাধ্যমের অন্যতম পথিকৃৎ, প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট আইনজীবী ও প্রবীণ সাংবাদিক অ্যাডভোকেট তৌহিদুর রহমান। সোমবার (৫ অক্টোবর) ভোরে ঢাকায় নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর।
তাঁর মৃত্যুতে যশোরের সাংবাদিকতা, আইন অঙ্গন, সামাজিক ও সাংস্কৃতিক পরিমণ্ডলে নেমে এসেছে গভীর শোকের ছায়া। একজন মানুষ চলে গেলেন, কিন্তু তাঁর হাতে গড়ে ওঠা সাংবাদিকতার ভিত, মানুষের জন্য তাঁর নিরলস কাজ এবং অসংখ্য স্মৃতি থেকে গেল যশোরবাসীর হৃদয়ে।
১৯৩৬ সালের ২২ জুন নড়াইলের মির্জাপুর গ্রামে জন্মগ্রহণ করেন অ্যাডভোকেট তৌহিদুর রহমান। ১৯৫৩ সালে যশোরে আয়কর আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি ১৯৬০ সাল থেকে সরাসরি সাংবাদিকতার সঙ্গে যুক্ত হন। সাংবাদিকতা জীবনের শুরুতে অ্যাসোসিয়েটেড প্রেস অব পাকিস্তান (এপিপি) এবং পরবর্তীতে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর সাংবাদিক হিসেবে দীর্ঘ প্রায় ৩৫ বছর নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করেন।
যশোরের সংবাদজগৎকে সংগঠিত ও আধুনিক ধারায় এগিয়ে নিতে তাঁর ভূমিকা ছিল অনন্য। সাংবাদিকদের ঐক্যবদ্ধ করার প্রত্যয়ে তাঁর উদ্যোগেই প্রতিষ্ঠিত হয় প্রেসক্লাব যশোর। প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দীর্ঘ সময় দায়িত্ব পালন করে তিনি যশোরের সাংবাদিক সমাজকে একটি শক্ত ভিত্তির ওপর দাঁড় করান। তাঁর সেই অবদান আজও সাংবাদিক সমাজ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।
শুধু সাংবাদিকতা নয়, মানুষের কল্যাণেও ছিল তাঁর নিবিড় সম্পৃক্ততা। তিনি যশোর জিলা স্কুল প্রাক্তন ছাত্র সমিতির প্রথম সভাপতি, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক ভাইস চেয়ারম্যান এবং লায়ন্স ক্লাবের সাবেক গভর্নর,পিকেএস সভাপতিসহ বিভিন্ন সামাজিক ও সেবামূলক প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
সর্বজন শ্রদ্ধেয় ‘তৌহিদ চাচা’ ছিলেন যশোরের কয়েক প্রজন্মের সাংবাদিক ও পেশাজীবীদের কাছে এক অভিভাবকতুল্য ব্যক্তিত্ব। তাঁর স্নেহ, পরামর্শ ও অভিজ্ঞতার ছায়ায় বহু মানুষ নিজেদের পথ তৈরি করেছেন। তাঁর চলে যাওয়া তাই কেবল একজন প্রবীণ সাংবাদিকের মৃত্যু নয়—এটি যশোরের সাংবাদিকতা ও সামাজিক ইতিহাসের একটি অধ্যায়ের সমাপ্তি।
পরিবার সূত্রে জানা গেছে, মরহুমের সন্তানরা দেশের বাইরে অবস্থান করছেন। তাঁরা দেশে পৌঁছানোর পর আগামী বুধবার ঢাকার ধানমণ্ডি তাকওয়া জামে মসজিদ প্রাঙ্গণে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়েছে প্রেসক্লাব যশোরসহ বিভিন্ন সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। শোক প্রকাশ করেছে আদ্-দ্বীন ফাউন্ডেশন ও আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল যশোর কর্তৃপক্ষ।
প্রেসক্লাব যশোরের পক্ষ থেকে তিন দিনব্যাপী শোক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে কালো পতাকা উত্তোলন, শোকবই খোলা, কালো ব্যাজ ধারণ, স্মরণসভা ও দোয়া মাহফিল।
প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন ও সাধারণ সম্পাদক নূর ইসলাম এক বিবৃতিতে মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
