সিলেট থেকে শুরু বিএনপির নির্বাচনী প্রচার │একদিনে সমাবেশ সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ ও নারায়ণগঞ্জে
ঢাকা অফিস
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার সিলেট থেকে শুরু করতে যাচ্ছে বিএনপি। প্রচারের প্রথম দিনেই দলের চেয়ারম্যান তারেক রহমান ছয়টি জেলায় নির্বাচনী সমাবেশে অংশ নেবেন।
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রার্থীদের প্রতীক বরাদ্দের পর বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিক প্রচার শুরু হচ্ছে। এর আগের দিন বুধবার রাজধানীর গুলশান–২–এ বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তারেক রহমানের প্রচার সূচি ঘোষণা করা হয়।
সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন জানান, বুধবার রাতেই বিমানে সিলেট যাবেন তারেক রহমান। সেখানে পৌঁছে তিনি হজরত শাহজালাল (রহ.)–এর মাজার জিয়ারত করবেন।
বৃহস্পতিবার সকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী সমাবেশের মাধ্যমে আনুষ্ঠানিক প্রচার শুরু করবেন তিনি। এরপর দুপুরে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর আইনপুর খেলার মাঠে সমাবেশে অংশ নেবেন তারেক রহমান। পথে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলায় প্রস্তাবিত নতুন উপজেলা পরিষদ মাঠে আরেকটি সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে।
দুপুরের পর ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কুট্টাপাড়া ফুটবল মাঠে এবং বিকেলে কিশোরগঞ্জের ভৈরব স্টেডিয়ামে নির্বাচনী সমাবেশ করবেন বিএনপির চেয়ারম্যান। পরে তিনি নরসিংদী পৌর পার্কসংলগ্ন সমাবেশে অংশ নিয়ে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার অথবা রূপগঞ্জের গাউছিয়া এলাকায় আরেকটি সমাবেশে যোগ দেবেন। ছয়টি জেলায় কর্মসূচি শেষ করে বৃহস্পতিবার রাতেই ঢাকায় ফিরবেন তিনি।
মাহদী আমিন জানান, সফরসূচির বিষয়টি সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, নারায়ণগঞ্জ ও ঢাকার সংশ্লিষ্ট জেলা প্রশাসক, রিটার্নিং কর্মকর্তা, পুলিশ ও অন্যান্য কর্তৃপক্ষকে আগেই লিখিতভাবে জানানো হয়েছে।
তিনি বলেন, নির্বাচন কমিশনের অনুরোধকে সম্মান জানিয়ে সম্ভাব্য বড় জনসমাগমের আশঙ্কায় এর আগে কয়েকটি সফরসূচি বাতিল করা হয়েছিল।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ফ্যাসিবাদবিরোধী দীর্ঘ আন্দোলনে দলের ত্যাগী নেতাদের মূল্যায়নের অংশ হিসেবে তারেক রহমানের সফরে পর্যায়ক্রমে অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের যুক্ত করা হবে। সিলেট সফরে তার সঙ্গে থাকবেন আবদুল কাদির ভুঁইয়া জুয়েল, মামুন হাসান, আবদুল মোনায়েম মুন্না, কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ, ইয়াসিন ফেরদৌস মুরাদ ও রাকিবুল ইসলাম রাকিবসহ একাধিক তরুণ নেতা।
এদিকে নির্বাচনী প্রচারণার শুরুতেই বিএনপি তাদের নির্বাচনী ‘থিম সং’ উন্মোচন করতে যাচ্ছে। মাহদী আমিন জানান, বুধবার রাত ১২টা ১ মিনিটে ঢাকার লেকশোর হোটেলে থিম সং উদ্বোধন করবেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব রুহুল কবির রিজভী। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কমিটির প্রধান সমন্বয়ক ইসমাইল জবিউল্লাহসহ দলের শীর্ষ নেতারা।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে মাহদী আমিন বলেন, বিএনপি একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনী পরিবেশ প্রত্যাশা করে। তিনি সব রাজনৈতিক দলের প্রতি নির্বাচনী আচরণবিধি মেনে সহনশীলতা ও সহাবস্থান নিশ্চিত করার আহ্বান জানান।
