নিজস্ব প্রতিবেদক
যশোরের অভয়নগর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের বাসিন্দা নাজমুন নাহার মুক্তি জমি দখল, প্রাণনাশের হুমকি ও দীর্ঘদিন ধরে হয়রানির অভিযোগ তুলে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
বুধবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, ৪ নম্বর নোয়াপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে তার পারিবারিক জমি দীর্ঘদিন ধরে জোরপূর্বক দখল করে রেখেছিলেন স্থানীয় যুবলীগ নেতা হাদিউজ্জামান চিমা ও তার পরিবারের সদস্যরা। রাজনৈতিক প্রভাবের কারণে প্রশাসনের কাছে একাধিকবার অভিযোগ জানালেও কার্যকর কোনো সমাধান পাননি বলে দাবি করেন তিনি।
লিখিত বক্তব্যে নাজমুন নাহার মুক্তি বলেন, দখলদার অবস্থায় থাকাকালে অভিযুক্তরা একাধিকবার তার বাড়িতে হামলা চালায় এবং বোমা নিক্ষেপের ঘটনাও ঘটে। এ ঘটনায় তিনি আদালতে মামলা দায়ের করলে তা বর্তমানে বিচারাধীন রয়েছে।
তিনি আরও জানান, জমিটি হাউজিং এস্টেটের আওতাভুক্ত হওয়ায় তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছেও অভিযোগ করেন। পরে গত ১০ মে হাউজিং কর্তৃপক্ষ অভিযান চালিয়ে জমিটি দখলমুক্ত করে দেয়।
তবে জমি দখলমুক্ত হওয়ার পর থেকেই অভিযুক্তদের পরিবারের সদস্যরা তাকে ও তার সন্তানদের নিয়মিতভাবে হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি। তার দাবি, তার বড় সন্তানকে প্রকাশ্যে গালিগালাজ করে যেকোনো স্থানে হত্যার হুমকিও দেওয়া হয়েছে। পাশাপাশি জমিটি পুনরায় ঘিরে ফেলার চেষ্টা চলছে বলেও তিনি জানান।
সংবাদ সম্মেলনে মুক্তি বলেন, “আমার স্বামীও অতীতে সন্ত্রাসীদের হামলার শিকার হয়ে নিহত হয়েছেন। সেই সময়েও থানায় জিডি করা হয়েছিল।” তিনি অভিযোগ করেন, অভিযুক্তদের বিরুদ্ধে ভূমিদস্যুতা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের একাধিক মামলা রয়েছে। বর্তমানে তারা ভয়ভীতি দেখিয়ে জমির দখল ধরে রাখার চেষ্টা করছে এবং জাল দলিল তৈরি করে মামলা দিয়ে হয়রানি করছে।
তিনি প্রশাসনের কাছে নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা, সম্পত্তির সুরক্ষা প্রদান, দখলদারদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং উচ্চ পর্যায়ের তদন্তের দাবি জানান।
সংবাদ সম্মেলনে তার বাবা তোফায়েল আহমেদ, প্রতিবেশী সিরাজ খাঁ ও আব্দুল্লাহ আল আজাদ উপস্থিত ছিলেন।
