নিজস্ব প্রতিবেদক
যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক মাদকবিরোধী অভিযানে বিভিন্ন ব্র্যান্ডের ৮৮ বোতল বিদেশি মদসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
রোববার (২৪ মে) সকাল ৭টার দিকে শহরের ঘোপ সেন্ট্রাল রোড কবরস্থান পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক ব্যক্তি ওমর শরীফ রাজা (৪৭) ওই এলাকার মৃত আব্দুল লতিফের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা কার্যালয়ের একটি অভিযানিক দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ওমর শরীফ রাজার ঘরে তল্লাশি চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের মোট ৮৮ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
পরে ঘটনাস্থল থেকেই তাকে আটক করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খান বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেছেন।
