ঢাকা অফিস
পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে ঘরে ঘরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কেউ ব্যস্ত ঈদের কেনাকাটায়, আবার কেউ ছুটির সুযোগে পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটাতে বাড়ি ফেরার পরিকল্পনা করছেন। ঠিক এমন সময় দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর, যা নিয়ে অনেকের মধ্যেই তৈরি হয়েছে প্রশ্ন-ঈদের দিনও কি বৃষ্টি হবে?
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় থেমে থেমে বৃষ্টি হতে পারে। এই অবস্থা আগামী কয়েকদিন অব্যাহত থাকার সম্ভাবনাও রয়েছে।
তবে ঈদের দিন সারাদেশে টানা বৃষ্টি হওয়ার আশঙ্কা নেই বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ একেএম নাজমুল হক। তিনি বলেন, বর্তমান আবহাওয়ার পরিস্থিতি অনুযায়ী ঈদের দিন দেশের কোথাও কোথাও স্বল্প সময়ের জন্য বৃষ্টি হতে পারে, তবে তা হবে সাময়িক।
তিনি জানান, আগামী ১৬ ও ১৭ মার্চ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি রয়েছে। এই সময়টিতে অনেক মানুষ ঈদের ছুটি উপলক্ষে বাড়ি ফিরতে পারেন। ফলে কোথাও কোথাও বৃষ্টির কারণে ঈদযাত্রায় সাময়িক বিঘ্ন ঘটতে পারে।
আবহাওয়াবিদ নাজমুল হক বলেন, ১৬ ও ১৭ মার্চের বৃষ্টি শেষ হওয়ার পর বৃষ্টিপাতের ক্ষেত্রে কিছুটা বিরতি আসতে পারে। তবে একেবারে বৃষ্টিহীন আবহাওয়া থাকবেÑএমনটি নিশ্চিত করে বলা যাচ্ছে না।
তিনি আরও জানান, মার্চ মাস হওয়ায় দেশের বিভিন্ন জায়গায় স্বল্প সময়ের বৃষ্টি বা বজ্রসহ দমকা হাওয়া দেখা যেতে পারে। কোথাও বৃষ্টি হলে তা সাধারণত আধা ঘণ্টা থেকে এক ঘণ্টার মধ্যেই শেষ হয়ে যেতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঈদের সময় তাপমাত্রাও সহনীয় পর্যায়েই থাকতে পারে। দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ২৮ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকতে পারে।
এ সময় খুব শক্তিশালী ঝড়ো হাওয়ার সম্ভাবনাও নেই। তবে কোথাও কোথাও ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া এবং বজ্রপাতের ঘটনা ঘটতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।
সব মিলিয়ে আবহাওয়া অধিদপ্তর বলছে, ঈদের সময় আবহাওয়া খুব একটা প্রতিকূল হওয়ার আশঙ্কা নেই। তবে যাত্রাপথে বা বাইরে বের হওয়ার সময় সাময়িক বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা মাথায় রেখে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা।
সর্বশেষ
- বেনাপোলের চিহ্নিত মাদক কারবারি মামনি খাতুনের যাবজ্জীবন
- বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন মনি গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি
- যুবলীগ নেতা চিমার বিরুদ্ধে জমি দখল ও হত্যার হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন
- নওয়াপাড়ায় সকাল-সন্ধ্যা হরতাল, ব্যবসায়ী আনিসুর হত্যার বিচার দাবিতে উত্তাল বন্দরনগরী
- যশোরে সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্রচারে ক্ষোভ
- কলমের শক্তিতে আস্থা-দৈনিক কল্যাণের অগ্রযাত্রা
- মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা কাটিয়ে স্বস্তিতে দেশের জ্বালানি খাত
- যশোরে মাদকের সাম্রাজ্য অটুট
