নিজস্ব প্রতিবেদক
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে যশোরে শুরু হয়েছে বৃষ্টি। বৃহস্পতিবার সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন থাকার পর বিভিন্ন সময়ে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও ভারী বর্ষণে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। বৃষ্টির কারণে শহরের সড়কগুলোতে মানুষের চলাচল কমে যায়। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হননি অনেকেই।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে আগামী ৪৮ ঘণ্টায় দেশের পাঁচ বিভাগে ভারী থেকে অতিভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এর মধ্যে খুলনা বিভাগও রয়েছে। কোথাও কোথাও ১৮৮ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় বলা হয়, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ৪৪ থেকে ৮৮ মিলিমিটার ভারী এবং ৮৯ থেকে ১৮৮ মিলিমিটার অতিভারী বৃষ্টিপাত হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। বৃহস্পতিবার সকাল ৬টায় ঘূর্ণিঝড়টির কেন্দ্র মোংলা সমুদ্রবন্দর থেকে ৫৮৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এর কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার, যা দমকা হাওয়ায় ১১৭ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।
ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, ঘূর্ণিঝড়টি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামীকাল শুক্রবার (২০ নভেম্বর) দুপুর নাগাদ ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে।
এদিকে বৃষ্টির কারণে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। তবে রাতের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।
সর্বশেষ
- ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে যশোরে তুমুল বৃষ্টি, জনজীবনে ভোগান্তি
- যশোরে নিষিদ্ধ আওয়ামী লীগের ৯ নেতাকর্মী আটক
- পরাজিত শক্তির রক্তপিপাসা থামেনি, প্রতিরোধে মাঠে থাকবে বিএনপি : রিজভী
- যশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা, চালক দগ্ধ
- নড়াইলে বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, দুই নেতা নিহত
- ‘পলাতক নেত্রী’ জনগণের বাড়িঘর জ্বালানোর নির্দেশ দিয়েছেন: প্রধানমন্ত্রী
- ভৈরব বাঁচাতে ঊষা পথ দেখিয়েছেন, এবার দায়িত্ব নেওয়ার পালা সবার
- ভৈরব নদ বাঁচানোর লড়াইয়ে ডা. ঊষার পাশে স্বেচ্ছাসেবক দল
