নড়াইল প্রতিনিধি
নড়াইলের কালিয়ায় বিএনপি ও অঙ্গসংগঠনের আওয়ামী লীগবিরোধী প্রতিবাদী মোটরসাইকেল শোভাযাত্রায় অতর্কিত হামলার ঘটনায় উপজেলা কৃষক দল ও জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) দুই নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। হামলাকারীরা কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।
বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কালিয়া পৌরসভার বেন্দারচর এলাকার বটতলা মোড়সংলগ্ন সড়কে এ হামলার ঘটনা ঘটে। নিহতরা হলেন কালিয়া উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক শাহীন ইসলাম (৪৫) এবং উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল রানা (৩৫)।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইদ্রিস আলী দুই নেতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্র ও বিএনপির নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বুধবার বিকেলে কালিয়া পৌর এলাকায় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিবাদী মোটরসাইকেল শোভাযাত্রা বের করেন। এতে প্রায় ৪০ থেকে ৫০টি মোটরসাইকেল ও গাড়ি অংশ নেয়। শোভাযাত্রাটি সন্ধ্যার দিকে বেন্দারচর গ্রামের বটতলা মোড়সংলগ্ন এলাকায় পৌঁছালে আগে থেকে অবস্থান নেওয়া একদল দুর্বৃত্ত তাদের ওপর অতর্কিত হামলা চালায়।
বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের তিন থেকে চার শতাধিক নেতাকর্মী এ হামলায় অংশ নেন। হামলাকারীরা শোভাযাত্রায় থাকা নেতাকর্মীদের ওপর এলোপাতাড়ি আক্রমণ করেন এবং কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন। এতে এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।
হামলায় কালিয়া পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মফিজুর রহমান, উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক শাহীন ইসলাম ও উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল রানা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে শাহীন ও সোহেলকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়। তবে হাসপাতালে নেওয়ার পথে অথবা পরবর্তী চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
কালিয়া থানার ওসি মোহাম্মদ ইদ্রিস আলী বলেন, মোটরসাইকেল শোভাযাত্রার পেছনের দিকে থাকা দুজনের ওপর অতর্কিত হামলা চালানো হয়। তাঁদের মারধর করা হয়। পরে তাঁদের মৃত্যু হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। প্রাথমিকভাবে ধর্মঘট আহ্বানকারী একটি পক্ষ ও তাদের সমর্থকদের সম্পৃক্ততার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। নড়াইলের পুলিশ সুপার শিকদার আল-মামুন বলেন, ঘটনাস্থলে কালিয়া থানা থেকে পুলিশ পাঠানো হয়েছে। তিনি নিজেও ঘটনাস্থলে যাচ্ছেন।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। হামলার প্রকৃত কারণ, জড়িত ব্যক্তিদের পরিচয় এবং ঘটনার পেছনের পরিকল্পনা উদ্ঘাটনে নিরপেক্ষ তদন্তের দাবি উঠেছে। একই সঙ্গে হামলাকারীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
