১৭ বছরের আন্দোলন-সংগ্রামের কথা স্মরণ, জুলাই সনদ বাস্তবায়নে আলোচনার মাধ্যমে সমাধানের আশা
নিজস্ব প্রতিবেদক
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, পরাজিত ফ্যাসিস্টদের রক্তের তৃষ্ণা এখনো মেটেনি। ছাত্র-জনতার অভ্যুত্থানে ১ হাজার ৪০০ শিশু-কিশোরসহ অসংখ্য মানুষকে হত্যার পর তারা টিকতে না পেরে দেশ ছেড়ে পালিয়েছিল। কিন্তু প্রতিবেশী দেশে আশ্রয় নিয়ে তাদের রক্তের নেশা আবারও জেগে উঠেছে। সেই নেশা মেটাতে তারা মানুষ হত্যা করছে, পুলিশের গাড়ি ও সাধারণ মানুষের বাড়িঘরে আগুন দিচ্ছে।
গতকাল বৃহস্পতিবার রাতে যশোর জেলা বিএনপি আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, গত কয়েক দিনের মধ্যে নড়াইলের কালিয়ায় দুজনকে এবং ভাঙ্গায় কৃষক দলের নেতা রাজু মোল্লাকে হত্যা করা হয়েছে। এখনো তাদের মানুষ হত্যা ও রক্তের নেশা মেটেনি।
পঞ্চম বাহিনীকে প্রতিহত করার ঘোষণা দিয়ে বিএনপির এই নেতা বলেন, সরকার দৃঢ়চিত্তে সন্ত্রাস দমনে পদক্ষেপ নিচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ধৈর্যের সীমা অতিক্রম হয়ে গেছে। সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। ইনশা আল্লাহ, তা-ই হবে।
তিনি বলেন, প্রতিটি পাড়া-মহল্লা, ওয়ার্ড, ইউনিয়ন ও থানায় বিএনপির সমর্থন রয়েছে। জনগণকে সঙ্গে নিয়ে পথে পথে এই পঞ্চম বাহিনীকে প্রতিহত করা হবে। যারা বেআইনি কর্মকাণ্ড করছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের আইনের আওতায় আনবে। তবে রাজপথ, মেঠোপথ কিংবা অলিগলি—কোথাও ছাড় দেওয়া হবে না। জনগণকে সঙ্গে নিয়ে দুর্বৃত্তদের চিহ্নিত করা হবে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইন প্রয়োগকারী সংস্থাকে বলা হবে। যাতে আর কোনো মানুষ হত্যার শিকার না হন, কারও বাড়ি কিংবা গাড়িতে আগুন না দেওয়া হয়।
দেশে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার প্রত্যাশা জানিয়ে রিজভী বলেন, গণতান্ত্রিক অগ্রযাত্রা নির্বিঘ্ন রাখতে বিএনপি কাজ করে যাবে।
বর্তমান সরকারের কর্মকাণ্ড তুলে ধরে তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার সুনামের সঙ্গে দেশ পরিচালনা করছে। এখন আর কেউ বলছে না, সোনালী ব্যাংক কিংবা বেসিক ব্যাংকের টাকা লুটপাট বা পাচার হচ্ছে। ক্ষমতাসীন দলের সংসদ সদস্য, মন্ত্রী কিংবা নেতাকর্মীরা অন্যের জমি দখল করে সম্পদের মালিক হচ্ছেন—এমন অভিযোগও শোনা যাচ্ছে না।
তিনি বলেন, ফ্যাসিস্ট আমলে ভয় ও ত্রাসের যে রাজত্ব ছিল, এখন তা নেই। বিরোধী দল কিংবা ভিন্নমতের মানুষ বর্তমান সরকারের বিরুদ্ধে গুম, খুন বা ক্রসফায়ারের সংস্কৃতি চালুর অভিযোগ তুলতে পারছেন না। এমন একটি গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠার জন্য বিএনপি ও অঙ্গসংগঠনসহ সমমনা রাজনৈতিক দলগুলো দীর্ঘ ১৭ বছর ধরে সংগ্রাম করেছে। এ আন্দোলনে অনেকেই সন্তান, পিতা কিংবা স্বজন হারিয়েছেন। অনেকের লাশ পাওয়া গেছে খালের ধারে, নদীর পাড়ে। শীতলক্ষ্যা নদীর তীরে সাতটি লাশ ভেসে উঠেছিল।
রিজভী বলেন, বিএনপি এমন একটি সমাজ ও রাষ্ট্র চেয়েছে, যেখানে প্রত্যেক মানুষ নির্বিঘ্নে ও নির্ভয়ে চলাফেরা করতে পারবেন। সংবিধান অনুযায়ী প্রত্যেক নাগরিকের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত হবে।
জুলাই সনদ নিয়ে যা বললেন রিজভী :
জুলাই সনদ বাস্তবায়ন প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারবদ্ধ। তবে সনদের কয়েকটি বিষয়ে দলের আপত্তি রয়েছে। সেগুলো নিষ্পত্তির জন্য সংসদে বিরোধী দলের নেতাদের ডাকা হয়েছে। আলোচনার মাধ্যমে বিষয়গুলোর সমাধান হয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি বলেন, মানুষ শান্তিপূর্ণ পরিবেশ চায়। ভয়াবহ দুঃশাসন ও রক্তপিপাসু শাসনব্যবস্থা থেকে দেশকে মুক্ত করতে দীর্ঘ ১৭ বছর সময় লেগেছে। সেই আন্দোলনে শিশু থেকে শুরু করে প্রাথমিক, মাধ্যমিক, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও জীবন দিয়েছেন। এরপর অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি ক্ষমতায় এসেছে।
বর্তমান সরকারকে জনগণের সরকার উল্লেখ করে রিজভী বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে এসব প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হচ্ছে।
যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। প্রধান বক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। বিশেষ বক্তা ছিলেন দলের জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) জয়ন্ত কুমার কুন্ডু।
সভা পরিচালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, নির্বাহী সদস্য আবুল হোসেন আজাদ, সারিবা নাজমুলসহ জেলা ও বিভিন্ন পর্যায়ের নেতারা।
