শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ভরণপোষণ ও সম্পত্তি নিয়ে বিরোধের জেরে মাদ্রাসা শিক্ষক ছেলের নির্যাতনের শিকার হয়েছেন সত্তরোর্ধ্ব এক বৃদ্ধা মা। ছেলের লাথিতে তার একটি দাঁত ভেঙে যায়, ঠোঁট ও নাকে গুরুতর আঘাতসহ শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে।
ঘটনাটি ঘটে শুক্রবার (২৬ জুন) রাতে উপজেলার কলবাড়ি গ্রামে। আহত আনোয়ারা বেগমকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা ডা. জিয়াউর রহমান জানান, আঘাতে বৃদ্ধার একটি দাঁত ভেঙে ভেতরের দিকে ঢুকে গেছে। তবে বর্তমানে তিনি শঙ্কামুক্ত রয়েছেন এবং চিকিৎসাধীন আছেন।
স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত মনিরুল ইসলাম উপজেলার বুড়িগোয়ালিনী দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক। একই বাড়িতে বসবাসের সুযোগে তিনি ও তার স্ত্রী ফেরদৌসী ইসলাম ঝর্ণা দীর্ঘদিন ধরে আনোয়ারা বেগমের সঙ্গে দুর্ব্যবহার করে আসছিলেন।
এ ঘটনায় শনিবার আনোয়ারা বেগম বাদী হয়ে ছেলে ও পুত্রবধূকে আসামি করে শ্যামনগর থানায় মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ অভিযানে নেমে রবিবার সকালে উপজেলার বুড়িগোয়ালিনী এলাকা থেকে মনিরুল ইসলামকে গ্রেপ্তার করে।
শ্যামনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. পিয়ার উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারের পর মনিরুল ইসলামকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
