নিজস্ব প্রতিবেদক
যশোর-নড়াইল মহাসড়কে চলন্ত একটি কাভার্ড ভ্যান লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে গাড়ির চালক রাজিব (৪৫) দগ্ধ হয়েছেন। এ ছাড়া ভাঙা কাচের আঘাতে আহত হয়েছেন চালকের সহকারী হৃদয় (৪০)। বৃহস্পতিবার সকালে যশোর সদর উপজেলার হামিদপুর নুরিতলা এলাকায় এ ঘটনা ঘটে।
আহত চালক রাজিব যশোরের ঝিকরগাছা উপজেলার কীর্তিপুর গ্রামের আব্দুল হাইয়ের ছেলে। চালকের সহকারী হৃদয় একই এলাকার জনি শেখের ছেলে।
পুলিশ ও আহত ব্যক্তিরা জানান, ঢাকা থেকে যশোরগামী কাভার্ড ভ্যানটি হামিদপুর নুরিতলা এলাকায় পৌঁছালে রাস্তার পাশের একটি কলাবাগান থেকে ৪-৫ জন দুর্বৃত্ত সেটি লক্ষ্য করে দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। এর একটি গাড়ির বডিতে আঘাত করে। অন্যটি পাশের খোলা জানালা দিয়ে ভেতরে ঢুকে চালকের পাশে বিস্ফোরিত হয়।
বিস্ফোরণের পর মুহূর্তেই কাভার্ড ভ্যানটিতে আগুন ধরে যায়। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি সড়কের পাশের একটি বাগানে ঢুকে পড়ে। খবর পেয়ে চাঁনপাড়া ক্যাম্পের টহল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত দুজনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
যশোর জেনারেল হাসপাতালের সার্জারি বিশেষজ্ঞ চিকিৎসক মাশহারুল হক ইমন জানান, আগুনে চালক রাজিবের মুখ, পিঠ ও হাতের চামড়া পুড়ে গেছে। তাঁর শারীরিক অবস্থা কিছুটা গুরুতর। অন্যদিকে, ভাঙা কাচের আঘাতে সহকারী হৃদয়ের হাত ও মুখ কেটে গেছে। তাঁদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।
যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন, হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আটকের জন্য পুলিশের একাধিক দল কাজ করছে। অগ্নিসন্ত্রাসে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। নাশকতাকারীদের আটকে অভিযান চলছে। গতকাল রাতেও ১৭ জনকে আটক করা হয়েছে। এ ছাড়া পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
