নিজস্ব প্রতিবেদক
সালিশ বৈঠকের সিদ্ধান্ত শেষ হওয়ার পর মুহূর্তেই উত্তেজনা ছড়িয়ে পড়ে যশোরের চৌগাছা উপজেলার দক্ষিণসাগর গ্রামে। কথা কাটাকাটির একপর্যায়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ঝন্টু মিয়া (৩০) নামে এক ফার্মেসি ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় তার চাচাতো ভাই আশানুর রহমান (৩২) গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার (১৯ মে) রাত ৮টার দিকে এই ভয়াবহ ঘটনা ঘটে। নিহত ঝন্টু মিয়া উপজেলার মাড়ুয়া গাজীপাড়ার শফিয়ার রহমানের ছেলে। আহত আশানুর রহমান একই এলাকার মশিয়ার রহমানের সন্তান।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ঝন্টুর মামাতো বোন, ১৪ বছর বয়সী কিশোরী জুঁইকে দক্ষিণসাগর গ্রামের আমির হোসেনের ছেলে শান্ত মিয়া অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার গ্রামে সালিশ বৈঠকের আয়োজন করা হয়। সালিশে কিশোরীকে ফেরত দেওয়ার সিদ্ধান্ত হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকেনি।
সালিশ শেষে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে শান্ত মিয়ার পক্ষের আবু উবাইদাসহ কয়েকজন ঝন্টু মিয়া ও তার চাচাতো ভাই আশানুর রহমানকে উপর্যুপরি ছুরিকাঘাত করে বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে নিয়ে যায় চৌগাছা উপজেলা কমপ্লেক্স-এ। পরে ঝন্টু মিয়াকে মৃত ঘোষণা করা হয়। আশানুর রহমানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে স্থানান্তর করা হয় যশোর জেনারেল হাসপাতালে।
এ বিষয়ে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ জানান, “মেয়েলি ঘটনাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটেছে। জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
