নিজস্ব প্রতিবেদক
যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের শানতলা গ্রামের হিন্দু-মুসলিম জনগোষ্ঠীর ফুলেল শুভেচ্ছা, ভালোবাসা ও আবেগঘন পরিবেশের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন যশোর-৩ (সদর) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত।
মঙ্গলবার সকাল থেকে শানতলা গ্রাম থেকেই ষষ্ঠ দিনের মতো তাঁর ধারাবাহিক নির্বাচনী প্রচারণা কার্যক্রম শুরু হয়।
গ্রামের প্রবেশমুখ থেকে শুরু করে পথসভা পর্যন্ত সর্বত্রই ছিল উৎসবমুখর পরিবেশ। ধর্ম-বর্ণ নির্বিশেষে সাধারণ মানুষ ফুল, শুভেচ্ছা আর ভালোবাসায় ভরিয়ে দেন বিএনপি প্রার্থীকে। এ সময় শানতলা গ্রাম যেন পরিণত হয় সম্প্রীতি ও সহাবস্থানের এক অনন্য দৃষ্টান্তে।
প্রচারণার শুরুতেই অনিন্দ্য ইসলাম অমিত কাশিমপুর ইউনিয়নের কৃতি সন্তান সাবেক সংসদ সদস্য আলী রেজা রাজু, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইসহ এই এলাকার প্রয়াত সকল গুণী ও সম্মানিত ব্যক্তিদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন। তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
পথসভায় বক্তব্য রাখতে গিয়ে স্থানীয় বাসিন্দা ও সাবেক শ্রমিক নেতা শামসুর রহমান বলেন,
“আমরা এই গ্রামের হিন্দু-মুসলিম যুগ যুগ ধরে মিলেমিশে বসবাস করে আসছি। ধর্মের ভিত্তিতে কোনো বিভাজন আমরা কখনো চাইনি, ভবিষ্যতেও চাই না। যারা ধর্মের দেয়াল তুলে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চায়, যে কোনো মূল্যে আমরা তাদের প্রতিহত করব। একাত্তরে আমি নিজ চোখে তাদের ভূমিকা দেখেছি। তাদের ভয়ে বাড়িঘর ছেড়ে পালাতে হয়েছিল। আমরা আর সেই বিভক্ত বাংলাদেশের পুনরাবৃত্তি দেখতে চাই না।”
এ সময় বক্তব্যে অনিন্দ্য ইসলাম অমিত বলেন,
“আমরা কেমন বাংলাদেশ গড়তে চাই, তার প্রমাণ চব্বিশের গণ-অভ্যুত্থানের পর সারাদেশের মানুষ দিয়েছে। যশোরেও আমরা পাড়া-মহল্লায় পাহারা বসিয়ে সনাতন ধর্মাবলম্বীসহ সকল ধর্মের মানুষের জানমাল, ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘরের নিরাপত্তা নিশ্চিত করেছি। বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। ধর্মীয় বিশ্বাসের ভিন্নতার কারণে বিএনপি কখনোই বিভেদ বা বিভাজনের রাজনীতি করে না।”
তিনি আরও বলেন,
“আজ কাশিমপুর ইউনিয়নের অনেক রাস্তা ভেঙে পড়েছে, উন্নয়ন থমকে গেছে। এই ইউনিয়নের উন্নয়নের স্বার্থেই আমি ধানের শীষে ভোট চাই। আমার পিতা তরিকুল ইসলাম এই গ্রামের মেঠোপথ থেকে শুরু করে রাস্তা-ঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ ও মন্দিরের উন্নয়ন করেছিলেন। ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছিলেন। কিন্তু গত ১৭ বছর ধরে এই এলাকার মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত। আমি নির্বাচিত হলে নতুন করে কাশিমপুর ইউনিয়নের সার্বিক উন্নয়ন নিশ্চিত করব, ইনশাআল্লাহ।”
পথসভা শেষে গ্রামবাসীর সঙ্গে কুশল বিনিময় করেন অনিন্দ্য ইসলাম অমিত। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ভালোবাসায় পুরো প্রচারণা এলাকা পরিণত হয় এক আবেগঘন রাজনৈতিক মিলনমেলায়।
