ঢাকা অফিস
ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিন প্রধানকে টাকাসহ আটকের ঘটনায় ‘নাটক সাজিয়ে অপপ্রচার’ চালানো হয়েছে বলে অভিযোগ করেছে দলটি। জামায়াতের দাবি, নেতাদের প্রশ্নবিদ্ধ ও ভোটারদের বিভ্রান্ত করতেই এ ঘটনা নেতিবাচকভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের এসব কথা বলেন।
তিনি জানান, বেলাল উদ্দিন প্রধান ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে যাচ্ছিলেন। ঢাকার বিমানবন্দর কর্তৃপক্ষ তাঁর সঙ্গে নগদ অর্থ থাকার বিষয়টি জেনেছেন এবং অভ্যন্তরীণ রুটে নগদ অর্থ বহনে কোনো বাধা নেই উল্লেখ করে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন রাগীব সামাদ অনাপত্তিপত্র দিয়েছেন। এরপরও ‘খারাপ উদ্দেশ্যে’ বিষয়টিকে নাটকীয়ভাবে উপস্থাপন করে নেতিবাচক প্রচার চালানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
এহসানুল মাহবুব জুবায়ের বলেন, বেলাল উদ্দিন প্রধান ব্যবসায়িক প্রয়োজনে নিয়মিত যাতায়াত করেন। ব্যাংক বন্ধ থাকায় কিছু লেনদেনের প্রয়োজন ছিল, তাই তাঁর সঙ্গে নগদ অর্থ ছিল। “একজন মানুষ ব্যবসা বা পারিবারিক প্রয়োজনে নগদ অর্থ বহন করতেই পারেন। বিমানবন্দরের মতো নিয়ন্ত্রিত এলাকায় এটিকে নাটক বানিয়ে ভিন্ন অর্থ দাঁড় করানো হচ্ছে,”—যোগ করেন তিনি।
তিনি আরও জানান, মানসিক চাপে জেলা জামায়াতের আমির অসুস্থ হয়ে পড়েছেন এবং তাঁকে রংপুরে হাসপাতালে নেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের’ কোনো আশঙ্কা আছে কি না—এমন প্রশ্নের জবাবে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, “মনে হচ্ছে একদল লোকের এ ধরনের কিছু করার হীন প্রয়াস আছে। আমরা তাদের এসব অপচেষ্টা থেকে বেরিয়ে আসার আহ্বান জানাচ্ছি।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব আবদুল হালিম, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সাইফ উদ্দিন খালেদসহ সংশ্লিষ্ট নেতারা।
এর আগে বুধবার বেলা ১১টার দিকে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে বেলাল উদ্দিন প্রধানকে আটক করা হয়। নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম জানান, আটক ব্যক্তি নিজেই বলেছেন তাঁর কাছে থাকা অর্থের পরিমাণ অর্ধকোটির বেশি।
ঘটনার পর জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বেলা ২টার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দেন। তিনি লেখেন, জাতি যখন সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রস্তুত, তখন একটি গোষ্ঠী বিভিন্ন ধরনের অপতথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে। তবে ওই পোস্টে আটকের ঘটনার সরাসরি উল্লেখ করা হয়নি। পরে এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য দিতে সংবাদ সম্মেলন করে দলটি।
