নিজস্ব প্রতিবেদক
যশোর জেলা পর্যায়ের আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টে অনেকটা প্রত্যাশা পূরণ হয়েছে। খেলা শুরুর দিন থেকে দর্শক গ্যালারিতে আলোচনা ছিল শহরতলীর হামিদপুর আল-হেরা ডিগ্রি কলেজ চ্যাম্পিয়ন হবে। যেন সেই প্রত্যাশা পূরণ করে আল-হেরা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
শামস্-উল-হুদা ফুটবল একাডেমির খেলোয়াড় নিয়ে গড়া দলটি মাঠে নামার আগেই যেন লিখে ফেলেছিল ফাইনালের স্ক্রিপ্ট। তবে টুর্নামেন্ট জুড়ে আলোচনার কেন্দ্র বিন্দু ছিল কে হবে রানার্সআপ ? শেষ পর্যন্ত সেই মর্যাদা যায় উপশহর কলেজের হাতে। শনিবার শামস্-উল-হুদা স্টেডিয়ামে ফাইনালে আল-হেরা ৩-১ গোলের দাপুটে জয় তুলে নেয়।
ম্যাচের ৬ মিনিটে এগিয়ে যায় উপশহর কলেজ। উপশহরের তানভীর ইসলাম গোলটি করেন। এ গোলে এগিয়ে থেকে বিরতি যায় উপশহর কলেজ।
পিছিয়ে থাকা আল হেরা কলেজ দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়ায়। ৮ মিনিটের মধ্যে দুই গোল করে ২-১ গোলে এগিয়ে যায় তারা। ২৯ মিনিটে বাধন হোসেনের গোলে সমতায় ফেরে তারা। চার মিনিট পর তানভীর হোসেনের গোলে ২-১ এগিয়ে সর্বশেষ আসরের চ্যাম্পিয়ন দলটি। ৪৬ মিনিটে উপশহরের গোলরক্ষকের ভুলে আবারও গোল পায় আল হেরা। ডি বক্সের মধ্যে থেকে আল হেরার রাব্বির শট উপশহরের গোলরক্ষক দুই হাতে ধরতে পারেনি। তাতে বল জালে জড়িয়ে যায়। ম্যাচে বাকি সময় আর কোন দলই গোল না করাই ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আল হেরা।
টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হয়েছেন বিজয়ী দলের রাব্বি সরকার। একই দলের বাধন হোসেন বাপ্পী সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। এছাড়া গোলরক্ষক ফয়সল আহম্মেদ হয়েছেন সেরা গোলরক্ষক।
খেলা শেষে যশোরের সিনিয়ম সহকারী কমিশনার ও ভূমি অধিগ্রহন কর্মকর্তা গুঞ্জন বিশ^াস খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন। এসময় দুই কলেজের শিক্ষকবৃন্দ, সাবেক-বর্তমান ফুটবলার, খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।
