বিনোদন ডেস্ক
বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খানের দীপাবলির সাজ এবার বিতর্কের কেন্দ্রে। গলায় ৩০ ক্যারেটের পান্নার নেকলেস, আর সেই নেকলেসে খোদাই করা পবিত্র কোরআনের আয়াতুল কুরসি। রাজকীয় এই অলংকারের সৌন্দর্য ছাপিয়ে এখন আলোচনায় ধর্মীয় অনুভূতির প্রশ্ন। এ ঘটনায় অভিনেত্রী কারিনা কাপুর খান ও তার স্টাইলিস্ট রিয়া কাপুরকে আইনি নোটিশ পাঠিয়েছেন ভারতের কংগ্রেস নেতা আব্বাস হাফিজ।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, গত বুধবার (১১ নভেম্বর) তাদের কাছে এই আইনি নোটিশ পাঠানো হয়। নোটিশে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত সংশ্লিষ্ট ছবি, ভিডিও ও পোস্ট সরিয়ে নেওয়া, প্রকাশ্যে ক্ষমা চাওয়া এবং ভবিষ্যতে পবিত্র কোরআনের আয়াতের ধর্মীয় মর্যাদা ক্ষুণ্ন হয় এমন উপস্থাপন না করার নিশ্চয়তা চাওয়া হয়েছে।
বিতর্কের শুরু কারিনার দীপাবলির সাজের ছবি প্রকাশের পর। উৎসব উপলক্ষে জয়পুরের ডিজাইনার পুনিত বালানার তৈরি বেইজ রঙের কাফতান ও পাগড়ি পরেছিলেন অভিনেত্রী। গলায় ছিল নজরকাড়া পান্নার নেকলেস। তবে গয়নাটির বিশেষত্ব শুধু এর মূল্য বা সৌন্দর্যে নয়, এতে খোদাই করা রয়েছে পবিত্র কোরআনের সূরা বাকারার ২৫৫ নম্বর আয়াত—আয়াতুল কুরসি।
কারিনার এই সাজের স্টাইলিং করেন রিয়া কাপুর। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি জানান, প্রায় ২০০ বছরের পুরোনো এই রাজকীয় অলংকার ভোপালের সাবেক নবাব পরিবারের উত্তরাধিকার। নেকলেসটিতে রয়েছে ভোপালের এক বেগমের ৩০ ক্যারেটের পান্না।
গয়নাটির সঙ্গে পতৌদি পরিবারের ঐতিহাসিক সম্পর্কও রয়েছে। কারিনার স্বামী সাইফ আলী খানের দাদি সাজিদা সুলতান ছিলেন ভোপালের শেষ শাসক নবাব হামিদুল্লাহ খানের মেয়ে। পারিবারিক উত্তরাধিকার সূত্রেই অলংকারটি পতৌদি পরিবারের কাছে এসেছে বলে জানানো হয়েছে।
তবে বিতর্কের কেন্দ্রে রয়েছে অন্য এক সংবেদনশীল প্রশ্ন। আব্বাস হাফিজের দাবি, পবিত্র কোরআনের আয়াত কেবল কোনো অলংকারের নকশা নয়; এর সঙ্গে কোটি মানুষের ধর্মীয় বিশ্বাস ও গভীর শ্রদ্ধা জড়িয়ে আছে। তাই এমন আয়াত অলংকার হিসেবে প্রকাশ্যে উপস্থাপনের ক্ষেত্রে যথাযথ মর্যাদা ও সম্মান বজায় রাখা জরুরি। ছবির উপস্থাপনায় মুসলিম সম্প্রদায়ের একাংশের ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে বলেও দাবি করেন তিনি।
নোটিশে আরও বলা হয়েছে, কোরআনের আয়াত অলংকার হিসেবে ব্যবহারের বিষয়ে ইসলামি পণ্ডিতদের মধ্যে ভিন্নমত রয়েছে। কেউ কেউ এ ধরনের ব্যবহার নিরুৎসাহিত করেন।
আব্বাস হাফিজ জানিয়েছেন, তিনি ব্যক্তিগত উদ্যোগেই এই আইনি নোটিশ পাঠিয়েছেন, কংগ্রেস দলের পক্ষ থেকে নয়।
