কল্যাণ ডেস্ক
মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত হয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা এ কে এম শামীম ওসমান। তাঁর ক্যানসার চতুর্থ পর্যায়ে (স্টেজ-৪) রয়েছে বলে নিজেই জানিয়েছেন তিনি।
শুক্রবার (২০ নভেম্বর) রাতে একটি অনলাইন টকশোতে অংশ নিয়ে নিজের অসুস্থতার কথা প্রকাশ করেন বর্তমানে বিদেশে পালিয়ে থাকা শামীম ওসমান।
টকশোতে নিজের শারীরিক অবস্থা সম্পর্কে তিনি বলেন, ‘আমি অসুস্থ, ক্যানসার হয়েছে। আমার ক্যানসার বলা হচ্ছে ফোর্থ স্টেজ।’
অসুস্থতা নিয়ে অনিশ্চয়তার কথা তুলে ধরে সাবেক এই সংসদ সদস্য বলেন, ‘কয়দিন বাঁচব, আমি জানি না। তবে আমার আল্লাহর ওপর বিশ্বাস আছে, আমি বাঁচব।’
ক্যানসারে আক্রান্ত হওয়ার খবরে কেউ কেউ খুশি হতে পারেন উল্লেখ করে তিনি এ নিয়ে আনন্দ প্রকাশ না করার আহ্বান জানান। একই সঙ্গে অতীতে নিজের ওপর একাধিকবার হামলা ও হত্যাচেষ্টার অভিযোগও তুলে ধরেন তিনি।
নিজের শারীরিক অসুস্থতার পাশাপাশি দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন শামীম ওসমান। তাঁর দাবি, দেশের বর্তমান পরিস্থিতি তাঁর ব্যক্তিগত অসুস্থতার চেয়েও বেশি উদ্বেগজনক। দেশের বিভিন্ন স্থানে নির্যাতন, সহিংসতা এবং মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের ওপর হামলার অভিযোগ করেন তিনি।
নারায়ণগঞ্জ আওয়ামী লীগের সাংগঠনিক অবস্থা প্রসঙ্গে তিনি বলেন, একসময় নারায়ণগঞ্জ আওয়ামী লীগ গোপালগঞ্জের চেয়েও শক্তিশালী ছিল। কিন্তু কেন্দ্রীয় নেতৃত্বের ভুল সিদ্ধান্ত, কোটাভিত্তিক রাজনীতি এবং পকেট কমিটি গঠনের কারণে দলটি সাংগঠনিকভাবে দুর্বল হয়ে পড়েছে।
দলের অভ্যন্তরীণ বিভাজনকেও দুর্বলতার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন শামীম ওসমান। তাঁর মতে, কেন্দ্রীয় নেতৃত্বের ভুল সিদ্ধান্ত ও বিভাজনের রাজনীতি থেকে বেরিয়ে আসা প্রয়োজন।
এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ব্যাপারেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। শামীম ওসমান বলেন, আল্লাহ তাঁকে বাঁচিয়ে রাখলে শেখ হাসিনার দেশে ফেরার ঘটনা দেখে কৃতজ্ঞ থাকবেন। আর তার আগেই মৃত্যু হলে সেই আফসোস থেকে যাবে।
টকশোতে বিএনপি নেতাদের পাসপোর্ট ও বিদেশ ভ্রমণের সুযোগ সীমিত করা হতে পারে বলেও দাবি করেন তিনি। তবে এ বিষয়ে শোনা তথ্যের সত্যতা সম্পর্কে নিশ্চিত নন বলে জানান।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান শামীম ওসমান। পরে গোপনে দেশ ছাড়েন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। জুলাই গণ-অভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে সহিংসতা ও দমন-পীড়নের ঘটনায় তাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে। এসব ঘটনায় তাঁর বিরুদ্ধে একাধিক মামলা ও বিচারিক কার্যক্রম চলমান রয়েছে।
