নিজস্ব প্রতিবেদক
যশোরের চৌগাছায় গরু চুরির অভিযোগে গণপিটুনির শিকার আলমগীর হোসেন (৪২) নামে এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার (২২ মার্চ) সকালে যশোর জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহত আলমগীর হোসেন চৌগাছা উপজেলার বড়গোবিন্দপুর গ্রামের এরশাদের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (২১ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার মাসিলা গ্রামের লক্ষিপুর পাড়ায় ফজলুর রহমান ওরফে ফজলুর গোয়ালঘর থেকে গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় বাড়ির লোকজন বিষয়টি টের পায়। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে আলমগীরকে আটক করে এবং একপর্যায়ে তাকে গণপিটুনি দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে দুপুরে তাকে যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকাল সাড়ে ৮টার দিকে তিনি মারা যান।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
