নিজস্ব প্রতিবেদক
নিষিদ্ধ ঘোষিত সংগঠন যশোর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ইমরান হোসেনকে আটক করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে শহরের গুরুত্বপূর্ণ প্রবেশপথ চাঁচড়া মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আটক ইমরান হোসেন যশোর সদর উপজেলার ইসমাইল কলোনির তেঁতুলতলা এলাকার বাসিন্দা এবং গোলাম মোস্তফার ছেলে। তার বিরুদ্ধে এলাকায় একাধিক নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই সালাউদ্দিনের নেতৃত্বে একটি চৌকস দল চাঁচড়া মোড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় পালানোর চেষ্টাকালে ইমরান হোসেনকে আটক করা হয়।
যশোর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আবুল বাশার আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার রাতে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। বর্তমানে তাকে ডিবি কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে নাশকতার একাধিক মামলা ও অভিযোগ রয়েছে এবং সেগুলোর ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
উল্লেখ্য, ৫ আগস্ট পরবর্তী প্রেক্ষাপট ও ছাত্র-জনতার আন্দোলনের মুখে অন্তর্বর্তীকালীন সরকার ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে।
