নিজস্ব প্রতিবেদক
যশোরে মাদকবিরোধী পৃথক অভিযানে ১৯ কেজি গাঁজাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শনিবার রাতে সদর উপজেলার রাজাপুর জামতলা বাজার ও শহরের বারান্দীপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় রাজাপুর জামতলা বাজার এলাকায় যশোর-মাগুরা মহাসড়কে অভিযান চালানো হয়। এ সময় ‘সাইরা পরিবহন’ নামে একটি বাসে তল্লাশি চালিয়ে ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে গাঁজা বহনের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—যশোরের বাঘারপাড়া উপজেলার দরাজহাট মধ্যপাড়ার মোছা. মনজুরা ওরফে মনজুরা বুড়ী (৬০), কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাহিরমাদী সদরঘাট এলাকার আব্দুর রাজ্জাক (৫৩), একই এলাকার সোহেল রানা (২২) এবং যশোর শহরের পূর্ব বারান্দীপাড়া বটতলা এলাকার আব্দুল গনি (৫৪)।
অন্যদিকে, একই রাতে শহরের বারান্দীপাড়া ঢাকা রোড এলাকায় পৃথক অভিযান চালানো হয়। জামিয়া কাসিমিয়া আরাবিয়া বারান্দীপাড়া মাদ্রাসার উত্তর পাশে একটি অটোরিকশা-ইজিবাইক গ্যারেজের চৌকির নিচ থেকে লুকিয়ে রাখা অবস্থায় আরও ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্যারেজের মালিক মামুন হোসেন (৪৬)কে গ্রেপ্তার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, প্রথম ঘটনায় পরিদর্শক নাজমুল হোসেন খান বাদী হয়ে চারজনের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মামলা করেছেন। দ্বিতীয় ঘটনায় উপ-পরিদর্শক মদন মোহন সাহা বাদী হয়ে মামুন হোসেনের বিরুদ্ধে একই আইনে মামলা করেন।
মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
