ঢাকা অফিস
সৈয়দপুর বিমানবন্দরে নগদ অর্থসহ জামায়াত নেতাকে আটকের ঘটনাকে বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন। তিনি এ ঘটনায় নির্বাচন কমিশনের (ইসি) তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
বুধবার বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মাহদী আমিন এসব কথা বলেন।
তিনি বলেন, ‘বিএনপির অনিবার্য বিজয়ের বিপরীতে একটি গোষ্ঠী নানা প্রতিবন্ধকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে।’
মাহদী আমিন জানান, বুধবার সকালে গণমাধ্যমে প্রকাশিত খবরে দেখা গেছে—ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছানোর পর ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরকে নগদ অর্ধকোটিরও বেশি টাকাসহ আটক করেছে পুলিশ। তিনি প্রশ্ন তোলেন, নির্বাচনে অবৈধ অর্থ লেনদেন ঠেকাতে যখন সব ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও ব্যবসায়িক কার্যক্রম বন্ধ রয়েছে, তখন এত বিপুল পরিমাণ অর্থ নিয়ে নির্বাচনের আগের দিন একজন জেলা পর্যায়ের নেতা কেন ঢাকা থেকে ঠাকুরগাঁও যাচ্ছিলেন।
তিনি বলেন, ‘টানা চার দিন দেশের সব ব্যবসায়িক কার্যক্রম বন্ধ থাকার মধ্যে এত বড় অঙ্কের অর্থ কোন ব্যবসায়িক প্রয়োজনে ব্যবহার হতে পারে—তা বোঝার জন্য বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই। স্পষ্টতই আচরণবিধি লঙ্ঘনের এই ঘটনা গণবিচ্ছিন্ন রাজনৈতিক দলগুলোর দেউলিয়াত্ব ও অনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টার প্রমাণ।’
দুর্নীতিবিরোধী বক্তব্য দেওয়া দলগুলোর উদ্দেশে প্রশ্ন রেখে তিনি বলেন, ‘যারা ইনসাফ প্রতিষ্ঠা ও দুর্নীতির বিরুদ্ধে বয়ান তৈরি করে, তাদের কাছে প্রশ্ন—টাকা দিয়ে ভোট কেনা কি তাদের সেই বয়ানের সঙ্গে সংগতিপূর্ণ?’
সৈয়দপুর বিমানবন্দর-কাণ্ড প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘এ ঘটনাকে বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই। বিভিন্ন এলাকায় অর্থসহ আরও অনেককে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী আটক করেছে।’
সংবাদ সম্মেলনে তিনি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে নির্বাচন কমিশনের প্রতি কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
