নিজস্ব প্রতিবেদক
ফরিদপুরের ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রাকে পেছন থেকে অজ্ঞাত বাসের চাপায় ট্রাকচালক ও তার হেলপার বাবা-ছেলে নিহত হয়েছেন। শনিবার (১৬ মে) ভোর সাড়ে ৪টার দিকে ভাঙ্গা উপজেলার বগাইল টোলপ্লাজার সামনে বগাইল ও বামনকান্দা এলাকার মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন যশোর সদর উপজেলার রুপদিয়া এলাকার বাসিন্দা ইউসুফ আলী (৫০) এবং তার ছেলে ইয়াকুব আলী (২৬)। ইয়াকুব আলী ট্রাকটির চালক ছিলেন এবং তার বাবা ইউসুফ আলী সহকারী হিসেবে তার সঙ্গে কাজ করতেন।
শিবচর হাইওয়ে থানার সার্জেন্ট মোহাম্মদ শাহাদাত হোসেন জানান, ঢাকা থেকে ভাঙ্গাগামী একটি মালবাহী ট্রাক ভোরে বগাইল টোলপ্লাজা এলাকায় পৌঁছালে হঠাৎ এর পেছনের একটি চাকা বিকল হয়ে যায়। এতে ট্রাকটি সড়কের এক পাশে দাঁড় করিয়ে বাবা-ছেলে চাকা মেরামতের কাজ শুরু করেন।
তিনি আরও জানান, এ সময় ভাঙ্গাগামী দ্রুতগতির একটি বাস পেছন থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে দাঁড়িয়ে থাকা দুজনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা মারা যান। দুর্ঘটনার পর ঘাতক বাসটি পালিয়ে যায় বলে ধারণা করছে পুলিশ।
হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দুর্ঘটনাকবলিত বাসটি শনাক্তে কাজ চলছে। মরদেহ দুটি উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
