ঢাকায় রেফার, অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগের অপেক্ষায় পুলিশ
নিজস্ব প্রতিবেদক
যশোর শহরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে এক যুবক গুরুতর আহত হয়েছেন। আহত অবস্থায় তাকে আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল) রাত সোয়া ১২টার দিকে শহরের বারান্দীপাড়া বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, চোখে টর্চ লাইট মারাকে কেন্দ্র করে কথা-কাটাকাটির একপর্যায়ে ফয়সাল হাসান প্রান্ত (২০) নামের ওই যুবককে ছুরিকাঘাত করা হয়। তিনি ওই এলাকার ফজলুর রহমানের ছেলে।
আহতের স্বজনদের অভিযোগ, মোল্লাপাড়া এলাকার সিরাজুল ইসলাম সিরার ছেলে জিতু (৩০) প্রথমে ফয়সালের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ায়। একপর্যায়ে ধারালো চাকু দিয়ে তার বুক ও পিঠে আঘাত করে বলে অভিযোগ করা হয়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।
এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। আহত যুবকের পরিবার বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
