নিজস্ব প্রতিবেদক
যশোর শহরের একটি মোবাইল সার্ভিসিং সেন্টারে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ আলী হোসেন (৩২) নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। তবে এ ঘটনাকে ‘সাজানো’ দাবি করে সুষ্ঠু তদন্তের আহ্বান জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।
গতকাল সোমবার (৬ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে শহরের সন্ধানী সুপার মার্কেটে এ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল মার্কেটের ‘তন্বী ইলেকট্রনিকস’ নামের মোবাইল সার্ভিসিং সেন্টারে তল্লাশি চালায়।
তল্লাশির একপর্যায়ে দোকান থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ সময় অবৈধ অস্ত্র রাখার অভিযোগে দোকানের মালিক আলী হোসেনকে আটক করা হয়। তিনি সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার কোটা গ্রামের আবু মুছার ছেলে।
ডিবি পুলিশের ওসি (তদন্ত) সুজন কুমার মন্ডল জানান, এসআই অলোক কুমারের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে অস্ত্র উদ্ধারের পাশাপাশি অভিযুক্তকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
তবে আটক আলী হোসেন দাবি করেছেন, তাকে ‘ফাঁসানো’ হয়েছে। একই অভিযোগ করেছেন স্থানীয় মোবাইল ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দও। তারা পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ করে বলেন, ঘটনাটি পরিকল্পিত হতে পারে এবং এর সুষ্ঠু তদন্ত প্রয়োজন।
ব্যবসায়ীদের দাবি, সিসিটিভি ফুটেজে দেখা গেছে—এক ব্যক্তি একটি ব্যাগ নিয়ে আলী হোসেনের দোকানে প্রবেশ করেন এবং কিছুক্ষণ পর ব্যাগটি রেখে ফোনে কথা বলতে বলতে দোকান থেকে বেরিয়ে যান। এর কিছুক্ষণ পরই ডিবি পুলিশ এসে অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার করে। তাদের ভাষ্য অনুযায়ী, পুরো ঘটনাটি ‘সাজানো নাটক’ হতে পারে।
এদিকে ব্যবসায়ীদের বক্তব্য মনোযোগ দিয়ে শুনে পুলিশ সুপার প্রকৃত ঘটনা উদঘাটনে তদন্তের নির্দেশ দিয়েছেন।
সর্বশেষ
- নাতনিকে ইভটিজিংয়ের প্রতিবাদ, কুপিয়ে হত্যা নানাকে
- প্রেমের বিয়ে, চার মাসের সংসার, শেষে স্ত্রীর রক্তে রঞ্জিত ঘর
- যশোরে শীর্ষ সন্ত্রাসী ‘খোঁড়া কামরুল’ গ্রেপ্তার
- ঝুঁকিপূর্ণ পল্লী বিদ্যুতের খুঁটি, আতঙ্কে বর্মণপাড়ার ১৩ পরিবার
- “ভয় পাবেন না”— হামলার শিকার ছাত্রনেতা রাশেদের পরিবারকে আশ্বাস প্রতিমন্ত্রী অমিতের
- যশোরে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী অনি আটক, উদ্ধার বিদেশি পিস্তল ও গুলি
- ‘লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফাত ময়দান, হজের মূল আনুষ্ঠানিকতায় লাখো মুসল্লি
- জিমের পাশে প্রতিমন্ত্রী অমিত, ফিরতে চান সবুজ মাঠে
