খুলনা প্রতিনিধি
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, দেশের অর্থনৈতিক অগ্রযাত্রা ও উপকূলীয় জনপদের নিরাপত্তা নিশ্চিত করতে সুন্দরবনের জলদস্যুতা নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সুন্দরবনকে সম্পূর্ণ দস্যুমুক্ত করতে সরকার সব ধরনের কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে খুলনা সার্কিট হাউজে সুন্দরবন অঞ্চলে দস্যুতা দমন বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, “একসময় সুন্দরবন অনেকটাই দস্যুমুক্ত হয়েছিল। কিন্তু সম্প্রতি কিছু দস্যু চক্র আবারও সক্রিয় হয়ে উঠেছে। এতে জেলেরা বনে মাছ ধরতে যেতে ভয় পাচ্ছেন। এ অবস্থা চলতে থাকলে ইকো-ট্যুরিজম ও ব্লু-ইকোনমির সম্ভাবনাও হুমকির মুখে পড়বে।”
তিনি আরও জানান, বন বিভাগ, পুলিশ, কোস্টগার্ড ও র্যাবসহ সংশ্লিষ্ট সব বাহিনীর সমন্বয়ে দ্রুত অভিযান পরিচালনা করা হবে। সুন্দরবনের নিরাপত্তা জোরদারে সমন্বিত কৌশল গ্রহণের বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে।
সার্কিট হাউজ মিলনায়তনে সকাল ১১টায় শুরু হওয়া সভা চলে দুপুর ২টা পর্যন্ত। প্রায় তিন ঘণ্টাব্যাপী এ বৈঠকে খুলনা ও বাগেরহাটের জেলা প্রশাসক, বন বিভাগের কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সুন্দরবনকে স্থায়ীভাবে দস্যুমুক্ত করতে বিভিন্ন কার্যকর প্রস্তাব ও পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
