ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে পরিবারের ৪ সদস্য নিহত
কল্যাণ ডেস্ক
ফরিদপুরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) একটি বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের চারজনসহ মোট পাঁচজন নিহত হয়েছেন। রোববার (২৪ মে) সকাল সাড়ে ১০টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের শংকরপাশা বাসস্ট্যান্ড এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর এলাকা থেকে অসুস্থ আলমগীর হোসেনকে চিকিৎসার জন্য পরিবারের সদস্যরা একটি অ্যাম্বুলেন্সে করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন। পথে নগরকান্দার শংকরপাশা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বরিশালগামী একটি বিআরটিসি বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষের তীব্রতায় অ্যাম্বুলেন্সটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্স চালকসহ পাঁচজন নিহত হন।
নিহতরা হলেন— মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের বালিয়া গ্রামের হাজী আব্দুল ওয়াহেদের ছেলে আলমগীর হোসেন (৫৮), জাহাঙ্গীর হোসেন (৬২), মেয়ে খুশি বেগম (৪৫), জাহাঙ্গীর হোসেনের স্ত্রী মাজেদা বেগম (৫০) এবং অ্যাম্বুলেন্স চালক কাউছার হোসেন (২৫)।
পারিবারিক সূত্র জানায়, আলমগীর হোসেন কিছুদিন আগে স্ট্রোক করেছিলেন। চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেলে নেওয়ার পথেই ভয়াবহ এই দুর্ঘটনার শিকার হন পরিবারের সদস্যরা।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। নিহতদের মরদেহ উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ভাঙ্গা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালউদ্দিন বলেন, দুর্ঘটনাকবলিত বাস ও অ্যাম্বুলেন্স উদ্ধার করে থানায় নেওয়া হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
