নিজস্ব প্রতিবেদক
অভয়নগর পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান জনিকে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের একটি মামলায় শ্যোন অ্যারেস্ট দেখিয়েছেন আদালত।
বুধবার (২৮ জানুয়ারি) শুনানিশেষে যশোরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জাকিয়া সুলতানা এ আদেশ দেন।
মামলার অভিযোগ ও আদালত সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ২২ মে সন্ধ্যার দিকে নওয়াপাড়া পৌর কৃষকদলের সভাপতি তরিকুল ইসলাম সুন্দলী ইউনিয়নের ডহরমশিয়াহাটি গ্রামের পিন্টু বিশ্বাসের বাড়িতে যান। ওই সময় একদল সন্ত্রাসী বাড়িতে প্রবেশ করে তরিকুল ইসলামকে গুলি করে হত্যা করে।
এই হত্যাকাণ্ডের পরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনার প্রতিক্রিয়ায় পিন্টু বিশ্বাসের বাড়িসহ আশপাশের কয়েকটি হিন্দু পরিবারের বাড়িতে হামলা চালানো হয়। হামলাকারীরা ঘরবাড়ি ভাঙচুর করে, মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায় এবং কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগ করে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করে বলে মামলায় উল্লেখ করা হয়।
ঘটনার পর ভুক্তভোগী পরিবারগুলোর পক্ষ থেকে অভয়নগর থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার তদন্ত চলাকালে তদন্তকারী কর্মকর্তা আসাদুজ্জামান জনির সংশ্লিষ্টতার অভিযোগ পান। তবে ওই সময় তিনি অন্য একটি মামলায় আটক থাকায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
পরবর্তীতে তদন্তকারী কর্মকর্তা আদালতে আবেদন করেন, যাতে বর্তমানে কারাগারে থাকা আসাদুজ্জামান জনিকে এই মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হয়। বুধবার (২৮ জানুয়ারি) আদালত শুনানি শেষে ওই আবেদন মঞ্জুর করে তাকে এ মামলায় আটক দেখানোর আদেশ দেন।
উল্লেখ্য, আসাদুজ্জামান জনি অভয়নগরের নওয়াপাড়া পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক। ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি নানা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন এবং বিভিন্ন ঘটনায় আলোচনার কেন্দ্রে আসেন। এসব কর্মকাণ্ডের জেরে পরে বিএনপি তার সাংগঠনিক পদ স্থগিত করে।
বর্তমানে আসাদুজ্জামান জনি কারাগারে রয়েছেন।
সর্বশেষ
- নাতনিকে ইভটিজিংয়ের প্রতিবাদ, কুপিয়ে হত্যা নানাকে
- প্রেমের বিয়ে, চার মাসের সংসার, শেষে স্ত্রীর রক্তে রঞ্জিত ঘর
- যশোরে শীর্ষ সন্ত্রাসী ‘খোঁড়া কামরুল’ গ্রেপ্তার
- ঝুঁকিপূর্ণ পল্লী বিদ্যুতের খুঁটি, আতঙ্কে বর্মণপাড়ার ১৩ পরিবার
- “ভয় পাবেন না”— হামলার শিকার ছাত্রনেতা রাশেদের পরিবারকে আশ্বাস প্রতিমন্ত্রী অমিতের
- যশোরে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী অনি আটক, উদ্ধার বিদেশি পিস্তল ও গুলি
- ‘লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফাত ময়দান, হজের মূল আনুষ্ঠানিকতায় লাখো মুসল্লি
- জিমের পাশে প্রতিমন্ত্রী অমিত, ফিরতে চান সবুজ মাঠে
