ঢাকা অফিস
আগামী ২৩ ও ২৪ ফেব্রুয়ারি দেশের দক্ষিণাঞ্চলের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন কানাডার University of Saskatchewan-এর আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ। একই সঙ্গে সারাদেশে কয়েকদিন আকাশ আংশিক মেঘলা থাকতে পারে বলেও আভাস দেওয়া হয়েছে।
নিজের এক ফেসবুক পোস্টে মোস্তফা কামাল পলাশ জানান, ২৩ ও ২৪ ফেব্রুয়ারি বিশেষ করে খুলনা বিভাগের উপকূলীয় জেলাগুলো, বরিশাল বিভাগের সব জেলা এবং চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি থাকতে পারে। তবে দেশের অন্য অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা কম।
এদিকে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) প্রকাশিত পূর্বাভাসে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানিয়েছে, অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলা থাকলেও সারাদেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। একই সঙ্গে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
২০ ফেব্রুয়ারির পূর্বাভাসে সংস্থাটি আরও জানায়, সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া সংশ্লিষ্টরা বলছেন, মৌসুমের এই সময়টিতে হালকা বৃষ্টি ও তাপমাত্রার সামান্য ওঠানামা স্বাভাবিক ঘটনা। তবে দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে সম্ভাব্য বৃষ্টিপাত কৃষি ও দৈনন্দিন কাজে কিছুটা প্রভাব ফেলতে পারে।
