প্রথমবারের মতো নির্বাচনের পর যশোর সফরে আসছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান। ৫০০ শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতাল এবং উলাশী খাল পুনঃখননের উদ্বোধন করবেন।
নিজস্ব প্রতিবেদক
যশোরে নির্বাচনের পর প্রথমবার আসছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। আগামী ২৭ এপ্রিল তার সফরকালে তিনি শহরের ৫০০ শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতাল উদ্বোধন ও শার্শা উপজেলার উলাশী-যদুনাথপুর খালের পুনঃখনন কাজের উদ্বোধন করবেন। এছাড়া বিকালে ঈদগাহ ময়দানে বিশাল সমাবেশে অংশ নেবেন।
সোমবার (৬ এপ্রিল) রাত ৯:২০ মিনিটে অনিন্দ্য ইসলাম অমিত তার ফেসবুক স্ট্যাটাসে এ তথ্য নিশ্চিত করেছেন। জেলা বিএনপি সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছড়িয়ে পড়েছে।
জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু জানান, সফরের প্রস্তুতি সম্পূর্ণভাবে নেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রীর নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী উলশী খাল ও ৫০০ শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতাল উদ্বোধন করা হবে।
২০১১ সালে যশোর মেডিকেল কলেজ স্থাপিত হলেও দীর্ঘ ১৫ বছর ধরে হাসপাতাল কার্যক্রম শুরু হয়নি। বর্তমানে শিক্ষার্থীদের ব্যবহারিক শিক্ষার জন্য ৫ কিলোমিটার দূরে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে যেতে হয়। সাতক্ষীরা ও কুষ্টিয়ায় মেডিকেল কলেজ হাসপাতাল চালু হলেও যশোরে না হওয়ায় স্থানীয়দের মধ্যে হতাশা ছিল। প্রধানমন্ত্রীর এই আনুষ্ঠানিক উদ্বোধন স্থানীয় চিকিৎসাসেবার নতুন দিগন্ত খুলবে বলে আশা করা হচ্ছে।
“প্রধানমন্ত্রী যশোর আসবেন, এটি নিশ্চিত। সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। উলশী খাল ও ৫০০ শয্যা হাসপাতাল উদ্বোধন এবং ঈদগাহ ময়দানে সমাবেশে অংশ নেবেন।”
— অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু
প্রধানমন্ত্রী দেশের খাল খনন কর্মসূচির অংশ হিসেবে শার্শা উপজেলার উলাশী-যদুনাথপুর খালের পুনঃখনন কাজের উদ্বোধন করবেন। ১৯৭৬ সালে তৎকালীন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান নিজ হাতে খনন কাজ শুরু করেছিলেন। দীর্ঘদিন সংস্কারের অভাবে ভরাট হওয়া এই খাল পুনঃখননের মাধ্যমে কৃষি ও পানি ব্যবস্থায় নতুন প্রাণ ফিরবে বলে আশা করা হচ্ছে।
