নিজস্ব প্রতিবেদক
যশোর-৬ (কেশবপুর) আসনের সাবেক সংসদ সদস্য মো. আজিজুল ইসলামকে (৩৩) রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (২৩ নভেম্বর) বিকেলে লালমাটিয়ার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ডিবির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) জিয়াউদ্দিন আহম্মেদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আজিজুল ইসলামকে গ্রেপ্তারের পর ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ডিবি পুলিশের তথ্যমতে, আজিজুল ইসলামের বিরুদ্ধে যশোরে একাধিক মামলা রয়েছে।
২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে যশোর-৬ (কেশবপুর) আসনে সংসদ সদস্য নির্বাচিত হন আজিজুল ইসলাম। ওই নির্বাচনে তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারকে পরাজিত করেন।
কেশবপুরের প্রয়াত সাবেক সংসদ সদস্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের স্নেহভাজন হিসেবে পরিচিত ছিলেন আজিজুল ইসলাম। একসময় তিনি নিষিদ্ধ ছাত্রলীগের কেশবপুর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক ছিলেন। পরবর্তী সময়ে যশোর জেলা পরিষদের সদস্য নির্বাচিত হন।
