নিজস্ব প্রতিবেদক
মায়ের সঙ্গে মুঠোফোনে কথা বলাকে কেন্দ্র করে যশোরে স্ত্রীকে ধারালো দা দিয়ে কুপিয়ে বাম হাতের কব্জি বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। রোববার (২২ নভেম্বর) রাত ১০টার দিকে শহরের চাঁচড়া ডাল মিল এলাকার একটি ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে।
আহত গৃহবধূর নাম তিথী (৩০)। অভিযুক্ত স্বামীর নাম বিল্লাল (৪০)। তাঁর বাড়ি নড়াইলের মিরাপাড়া এলাকায়।
পুলিশের তথ্য অনুযায়ী, মায়ের সঙ্গে ফোনে কথা বলা নিয়ে তিথী ও তাঁর স্বামীর মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে বিল্লাল স্ত্রীর দুই হাত খাটের সঙ্গে বেঁধে ধারালো দা দিয়ে তাঁর বাম হাতের কব্জিতে কোপ দেন বলে অভিযোগ রয়েছে। এতে কব্জি বিচ্ছিন্ন হয়ে গুরুতর আহত হন তিথী।
ঘটনার পর রাত ১২টা ১০ মিনিটের দিকে স্বামী বিল্লালই তাঁকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তবে শারীরিক অবস্থার অবনতি ও আঘাতের গুরুতরতা বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নেন চিকিৎসকরা।
পরে স্বামী বিল্লাল ও তাঁর মা একটি অ্যাম্বুলেন্সে করে আহত তিথীকে নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হন।
পারিবারিক বিরোধের জেরে এমন নৃশংস ঘটনার অভিযোগ এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
