নিজস্ব প্রতিবেদক: ‘উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায়, দেশ গড়বো সমাজসেবায়’ এ প্রতিপাদ্যে জাতীয় সমাজসেবা দিবস-২০২৩ উপলক্ষে যশোরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর যশোর কার্যালয়ের আয়োজনে এবং যশোরের স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থাগুলোর সহোযোগিতায় জেলা শিল্পকলা একাডেমিতে এ অনুষ্ঠান হয়েছে।
অনুষ্ঠানে জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক অসিত কুমার সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার যশোরের উপ-পরিচালক হুসাইন শওকত। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক আশরাফুল ইসলাম।
অনুষ্ঠানে জেলা সমাজসেবা কার্যালয়ের পক্ষ থেকে যশোরের দুটি স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থাকে সংবর্ধনা দেওয়া হয়। সমাজসেবায় বিশেষ ভূমিকা রাখায় অর্পন মানবকল্যাণ সংস্থা ও পেন ফাউন্ডেশনকে সংবর্ধিত করা হয়। এছাড়াও সকল ভাতা প্রার্থীদের মাঝে ভাতা কার্ড প্রদান করা হয়। অনুষ্ঠানের শেষভাগে সরকারি শিশু পরিবারের মেয়েদের মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
