নিজস্ব প্রতিবেদক
মহান মুক্তিযুদ্ধের বীরত্বগাথা, আত্মত্যাগ ও দেশপ্রেমের অনন্য ইতিহাস ধারণ করে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় নিরলস দায়িত্ব পালন করছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী। মুক্তিযুদ্ধ থেকে শুরু করে জাতীয় দুর্যোগ মোকাবিলা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং আন্তর্জাতিক শান্তিরক্ষা কার্যক্রম—প্রতিটি ক্ষেত্রেই বাহিনীর অবদান অনস্বীকার্য। সেই গৌরবোজ্জ্বল ভূমিকার প্রতি শ্রদ্ধা জানিয়ে যশোর সেনানিবাসে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে সশস্ত্র বাহিনী দিবস। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে সশস্ত্র বাহিনীর বীরত্ব, আত্মত্যাগ ও দেশপ্রেমের ভূয়সী প্রশংসা করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল ভূমিকা রয়েছে। ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরোচিত হামলার পর ২৬ মার্চের প্রথম প্রহরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের (বীর উত্তম) ঘোষণার মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধের সূচনা হয়। মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর সদস্যদের অসীম সাহসিকতা, দেশপ্রেম ও আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
তিনি বলেন, একটি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সশস্ত্র বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিরক্ষা দায়িত্ব পালনের পাশাপাশি দেশের অবকাঠামোগত উন্নয়ন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও সশস্ত্র বাহিনী গুরুত্বপূর্ণ অবদান রাখছে। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর জননিরাপত্তা নিশ্চিত করতেও বাহিনীর সদস্যরা দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন।
সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধিতে বর্তমান সরকারের সহযোগিতার কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, আধুনিক সামরিক প্রযুক্তির পাশাপাশি দেশীয় প্রযুক্তি ও উদ্ভাবনের সমন্বয়ে সশস্ত্র বাহিনীকে আরও যুগোপযোগী, দক্ষ ও স্বনির্ভর করে গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সদস্যদের নিষ্ঠা ও পেশাদারিত্বের প্রশংসা করে তিনি বলেন, তাঁদের অবদানে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। এ ছাড়া জাতীয় দুর্যোগ মোকাবিলা, পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাস দমন এবং বেসামরিক প্রশাসনকে সহায়তাসহ বিভিন্ন রাষ্ট্রীয় কর্মকাণ্ডে সশস্ত্র বাহিনীর ভূমিকা প্রশংসনীয়।
প্রতিমন্ত্রী মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করেন। অনুষ্ঠানে উপস্থিত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান। পরে তিনি দিবসটি উপলক্ষে কেক কাটেন এবং মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, সংসদ সদস্য, সামরিক ও বেসামরিক কর্মকর্তা, সশস্ত্র বাহিনীর সাবেক সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আগত মুক্তিযোদ্ধা ও অতিথিদের অভ্যর্থনা জানান বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং মেজর জেনারেল আবু হেনা মোহাম্মদ রাজী হাসান।
সর্বশেষ
- দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনী অনন্য : প্রতিমন্ত্রী অমিত
- পেশাদারিত্বের ভিত্তিতে পুলিশকে জনগণের বন্ধু হতে হবে : প্রতিমন্ত্রী অমিত
- পাগলা মসজিদের দানবাক্সে মিলল ৫১ বস্তা টাকা
- ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান
- মুক্তিযোদ্ধাদের সম্মান জানানো রাষ্ট্রের দায়িত্ব : তারেক রহমান
- যশোর জেলা জামায়াতের ২২ সদস্যের কর্মপরিষদ গঠন
- তরিকুল ইসলাম ছিলেন আপসহীন সংগ্রাম ও আদর্শের এক ধ্রুপদি রাজনীতিবিদ
- ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে যশোরে তুমুল বৃষ্টি, জনজীবনে ভোগান্তি
